সুমন ভৌমিকঃ এবছরই ময়মনসিংহ নগরে বঙ্গবন্ধুর প্রথম ভাস্কর্য স্থাপিত হয়েছে পুলিশ লাইন্সে। “চেতনায় অম্লান”। যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন লেখনির মাধ্যমে তৈরি প্রতিকৃতিতে উপস্থাপন করা হয়েছে।
সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি উদ্বোধন করেন। ময়মনসিংহ জেলা পুলিশের অনবদ্য দৃষ্টান্ত চেতনায় অম্লান। সেখানে ১০ ডিসেম্বর প্রথমবারের মত শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন ময়মনসিংহ জেলা পুলিশ। এসময় বীর মুক্তিযোদ্ধারাও একযোগে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। ময়মনসিংহের পুলিশ সুপার (অতিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার) এর আমলে প্রতিষ্ঠিত হয় চেতনায় অম্লান।
ময়মনসিংহ মুক্ত দিবস ও মহান বিজয় দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে ১০ ডিসেম্বর ছোট বাজার মুক্তমঞ্চে সপ্তাহব্যাপি অনুষ্ঠানমালার উদ্বোধন হয়। এরপর বীর মুক্তিযোদ্ধা ও পুলিশ সদস্যগণ পুলিশ লাইন্সে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
ময়মনসিংহের পুলিশ সুপার (অতিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ শাহ আবিদ হোসেন এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদোন্নতিপ্রাপ্ত) হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী, অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজী, কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম, ট্রাফিক পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান প্রমুখ। অন্যদিকে একই সাথে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সেলিম সাজ্জাদ, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন মন্তা, বীর মুক্তিযোদ্ধা এডঃ আব্দুর রাজ্জাক প্রমুখ শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে সবার আগে পুলিশ বাহিনী পাকহানাদারদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে অবতীর্ণ হয়। মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর সদস্যরাও বুকের তাজা রক্ত ঢেলে দেয়। সেই স্মৃতি চিরদিন চেতনায় অম্লান থাকবে।
জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণসহ সংগ্রামী জীবনের প্রদত্ত গুরুত্বপূর্ণ ভাষণের অংশবিশেষ এর চিত্রকল্প দিয়ে নির্মাণ করা হয়েছে নান্দনিক প্রতিকৃতি চেতনায় অম্লান। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন লেখনির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। যার বা-দিকে মুক্তিযুদ্ধকালীন সময়ে শহীদ ৫০ পুলিশ সদস্য এবং ডান-দিকে বিভিন্ন সময়ে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের পরিচিতি রয়েছে।


