Monday, November 16, 2026

ময়মনসিংহ নগরীর ১নং ফাঁড়ির কনস্টেবল সাইফুল ও কনস্টেবল হিমেল অবৈধ মদ ব্যবসার চাঁদা নিচ্ছে

Must read

উর্মিবাংলা প্রতিদিন রিপোর্টঃ ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্র নিষিদ্ধপল্লীর ভিতরে বিক্রি হচ্ছে শত শত লিটার চোলাই মদসহ কালোবাজারে বাংলা মদ। অবাধে বিক্রি হচ্ছে এই অবৈধ মদ। কোতোয়ালী মডেল থানার চৌকস অফিসার ওসি মোঃ শাহ কামাল আকন্দ এবং ১নং ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন কালোবাজারে এসব অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে কঠিন অবস্থানে থাকার পরেও অভিযোগ রয়েছে, ১নং ফাঁড়ির কনস্টেবল সাইফুল ও কনস্টেবল হিমেল মদ ব্যবসায়ীদের মদদ দিয়ে যাচ্ছে। ওসি শাহ কামাল আকন্দের নির্দেশে ১নং ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন ছোট-ঘাট অভিযান চালিয়ে অবৈধ মদসহ কিছু মদ ব্যবসায়ীদের গ্রেফতার করতে সক্ষম হলেও ধরাছোঁয়ার বাহিরে থাকে যায় মাদক গডমাদার সরদার্নী লাভলী, সরদার্নী রুমা ও সরদার্নী আনু।

ময়মনসিংহ নগরীর ৮নং ওয়ার্ডের রমেশ সেন রোডে অবস্থিত নিষিদ্ধপল্লী। এই ওয়ার্ড এলাকায় রয়েছে কোতোয়ালী মডেল থানা ও ১নং পুলিশ ফাঁড়ি। থানার অফিসার ইনচার্জ একজন চৌকস কর্মকর্তা এবং ১নং ফাঁড়ি ইনচার্জও দক্ষ কর্মকর্তা। জেলা গোয়েন্দা শাখায় কর্মরত অবস্থায় এই দুইজনই পেয়েছেন প্রশংসার স্বীকৃতি। এমন সুনামের ধারাবহিকতা ধরে রাখা এ পেশায় বেশ কঠিন।
নগরীর বানিজ্যিক এলাকায় এই নিষিদ্ধপল্লীর দুটি প্রবেশ মুখ রয়েছে। একটি স্বদেশী বাজার রমেশ সেন রোড আর অন্যটি গাঙ্গিনারপাড় স্টেশন রোড (এবি গুহ রোড)। এর প্রবেশ মুখগুলোসহ নিষিদ্ধপল্লীর ভিতরের বিভিন্ন বাড়িতে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১১টা অবধি চলছে চোলাই মদ ও কালোবাজারে বাংলা মদ বিক্রির হিড়িক। আর মাতালরা এ এলাকায় যত্রতত্র বিচরণে এলাকার পরিবেশ নষ্ট করছে।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের কঠোর পদক্ষেপে কালোবাজারে অবৈধ মদ বিক্রি বন্ধ ছিল।
ময়মনসিংহ জেলার নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা যোগদান করার পরেও অবৈধ মদ ব্যবসা বন্ধ ছিল কিন্তু বিগত ১১ দিন যাবত নগরের নিষিদ্ধপল্লীতে কালোবাজারে শত শত লিটার চোলাই মদ ও অবৈধ বাংলা মদ দেদারসে বিক্রি হচ্ছে। এই অবৈধ মদ বিক্রিতে বেশ মুনাফা হয় এবং মাশোহারা যায় সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরে। প্রতিবেদককে বিভিন্ন জায়গায় ম্যানেজ করার অনেক চেষ্টা করা হয়েছে। লাভজনক প্রস্তাব মানা না হলে প্রতিবেদককের পরিবারে অশান্তির করার ছোট-খাট হুমকিও দেয়া হয়েছে, যা পরবর্তী নিউজে আসবে।

সূত্র জানায়, ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকা থেকে নগরের ৮নং ওয়ার্ডের রমেশ সেন রোডে প্রতিদিন প্রায় ৩’শ থেকে ৪’শ লিটার চোলাই মদ ঢুকে নিষিদ্ধপল্লীতে এবং দেশীয় বাংলা মদ কাউন্টার থেকে পারমিটবিহীন ৫’শ থেকে ৬’শ লিটার বাংলা মদ অবৈধভাবে বের হয়ে জমা হয় এই নিষিদ্ধপল্লীতে। তারপর এই অবৈধ মদ নিয়ন্ত্রণকারী মাদক গডমাদার লাভলী, রুমা ও আনু’র নিয়োজিত অর্ধশতাধিক ব্যবসায়ীদের মাধ্যমে মদ সরবরাহ করে নিষিদ্ধপল্লীর ভিতরের মাদকসেবীদের কাছে ও নগরের বিভিন্ন অলি-গলিতে। আর নিষিদ্ধপল্লীর আঁখি ও গেইটম্যান মতি সারারাত অবৈধ মদ বিক্রি করে নগরের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেয়। মদ নিয়ন্ত্রণকারী লাভলী, রুমা ও আনু অবৈধভাবে প্রচুর বিত্ত ও প্রভাবশালী। টাকার জোরে অবৈধ মদ ব্যবসা করছেন। লাভলী, রুমা, আনুকে আইনের আওতায় নিয়ে আসলে থলের বিড়াল বেড়িয়ে আসবে। এই অবৈধ মদ ব্যবসা নিয়ে ঢাকাসহ স্থানীয় অনেক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টলে অনেক সংবাদ প্রকাশ হয়েছে।

অভিযোগ রয়েছে, জনি ও শাহিন নিষিদ্ধপল্লীতে চোলাই মদ সরবরাহ করে মদ ব্যবসায়ীদের কাছে। জনি শাহিনকে দিয়ে একদিন পর পর চোলাই মদ বিক্রির লাভের হাজার হাজার টাকা মেছুয়া বাজারের অগ্রণী ব্যাংকে জমা রাখে। এখন প্রশ্ন আসে, এরা কোথায় থেকে এই চোলাই মদ জোগাড় করে সরবরাহ করে। গত ১১ সেপ্টেম্বর নিষিদ্ধপল্লীর অবৈধ এক মদ ব্যবসায়ী নিষিদ্ধপল্লীর ভিতর থেকে চোলাই মদ নিয়ে নগরের অলি-গলিতে বিক্রির উদ্দেশ্যে যাওয়ার সময় নগরের প্রাণকেন্দ্র তেরীপট্টি থেকে ১৮ লিটার চোলাই মদসহ র‌্যাব-১৪ হাতে গ্রেফতার হয়।

জনশ্রুতি রয়েছে, নিষিদ্ধপল্লীর মাদক গডমাদার রুমা ও ঠাকুরবাড়ির ম্যানেজার হাবিব পুলিশের নাম ভাঙ্গিয়ে প্রায় অর্ধশতাধিক অবৈধ মদ ব্যবসায়ীদের কাছ থেকে জনপ্রতি প্রতিদিন ৪’শ থেকে ৫’শ করে টাকা (চাঁদা) তোলে সব টাকা জমা রাখে মাদক গডমাদার লাভলীর কাছে। রাত ১১টার পর কনস্টেবল সাইফুল ও কনস্টেবল হিমেল নিষিদ্ধপল্লীতে ঢুকে লাভলীর কাছ থেকে প্রায় অর্ধশতাধিক অবৈধ মদ ব্যবসায়ীর টাকা (চাঁদা) নেয়। অন্যদিকে মাদক গডমাদার লাভলী ও রুমা অবৈধ মদ বিক্রির লাভের টাকায় প্রতিদিন ফেন্সিডিল সেবন করে আমোদ-ফুর্তি করে এবং বিক্রিও করে। এই ফেন্সিডিলের চালান লাভলী ও রুমার কাছে নিয়ে আসে বড় কালিবাড়ির দাসপাড়া’র লাইকু মামুন এবং বাঘমারা’র রাজু। রাত ১১টা থেকে রাত ২টা’র সময় পর্যন্ত পুলিশ প্রশাসনের সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই জানা যাবে কনস্টেবল সাইফুল ও কনস্টেবল হিমেল নিষিদ্ধপল্লীতে ঢুকে।

১৮ সেপ্টেম্বর রাতে প্রতিবেদক কনস্টেবল সাইফুল ও কনস্টেবল হিমেলের সাথে অবৈধ মদ ব্যবসায়ীর টাকা (চাঁদা) নেওয়া নিয়ে কথা হলে ঐ দিন রাতে তারা নিষিদ্ধপল্লীতে ঢুকেনি। সূত্র জানায়, ঐ রাতেই সাইফুল ও হিমেলকে অবৈধ মদ ব্যবসায়ীর টাকা ১নং ফাঁড়িতে গিয়ে দিয়ে আসে মাদক গডমাদার লাভলী, রুমা, আনু ও লাভলীর আত্মীয় কালিবাড়ির ওমর। পুলিশ প্রশাসনের সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই জানা যাবে। রাত ১১টার পর কনস্টেবল সাইফুল ও কনস্টেবল হিমেলের এমন কি কাজ তাদেরকে প্রায় প্রতিদিন ঢুকতে হবে নিষিদ্ধপল্লীতে এটাও প্রশ্ন। এছাড়া পুলিশ প্রশাসনের নির্দেশ ছিল নিষিদ্ধপল্লীর দু্ইটি গেইট রাত ৮টায় বন্ধ হবে কিন্তু রহস্যজনক কারনে রাত ১২টা পর্যন্ত খোলা থাকে। এর ফলে প্রায় সময় অনেক রাত পর্যন্ত দেখা যায় মাদকসেবীদের মাতলামি ও মারামারির ঘটনা।

ময়মনসিংহের সাবেক পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের সময় থানা পুলিশ ও ১নং ফাঁড়ির পুলিশ নিষিদ্ধপল্লীতে অভিযান চালিয়ে শত শত লিটার অবৈধ মদসহ মদ ব্যবসায়ীদের গ্রেফতার করেছে। শাহ কামাল আকন্দ জেলা গোয়েন্দা শাখায় অফিসার ইনচার্জ থাকাকালে এসআই আলাউদ্দিন বাদল (বর্তমানে কোতোয়ালীতে কর্মরত) এর নেতৃত্বে ডিবি পুলিশ ১ হাজার ৪০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করেছিল মদ ব্যবসায়ীদের। অবৈধ মদ ব্যবসায়ীদের গ্রেফতার করলেও মদ বিক্রির নিয়ন্ত্রণকারী মাদক গডমাদার লাভলী, রুমা ও আনুকে গ্রেফতার করা হয়নি।

এলাকাবাসী ও সুধী মহল জানায়, অবৈধ মদ বিক্রি ও মাতালের উৎপাত বন্ধ করতে পুলিশ প্রশাসনের ব্যবস্থা নেয়া খুবই জরুরী। সম্প্রতি পুলিশ লোক দেখানো ছোট-খাটো অভিযান ছাড়া বড় কোন অভিযান পরিলক্ষিত হচ্ছে না। ওসি শাহ কামাল আকন্দের কঠোরতার পরেও কনস্টেবল সাইফুল ও কনস্টেবল হিমেল কোন ক্ষমতার বলে কালোবাজারে অবৈধ মদ ব্যবসায়ীদের মদদ দেয়, তা রহস্যজনক। আর এই অবৈধ মদ ব্যবসা চলমান থাকায় সাধারন মানুষের মাঝে ব্যাপক জল্পনা-কল্পনা আবারও শুরু হয়েছে।

 

 

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article