নিজস্ব প্রতিনিধি ॥
জামালপুরের বকশীগঞ্জে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পন্ডের প্রচেষ্টা ও সহকারী শিক্ষকদের সাথে অসদাচরণের প্রতিবাদে সহকারী শিক্ষক পিরামিড মিয়ার অপসারনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার নিলক্ষিয়া আর জে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক কর্মচারীদের উদ্যোগে বিক্ষোভ ও ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পিরামিড মিয়া ওই বিদ্যালয়ের গনিত শিক্ষক।
নিলক্ষিয়া আর জে পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা জানান,গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নিলক্ষিয়া আর জে পাইলট উচ্চ বিদ্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক পিরামিড মিয়া স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পন্ডের চেষ্টা করেন। তাৎক্ষনিক এই ঘটনার প্রতিবাদ করেন বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষক ও কর্মচারীরা। প্রতিবাদের কারনে সহকারী শিক্ষক ও কর্মচারীদের সাথেও খারাপ আচরন করেন পিরামিড মিয়া। এই ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে ক্লাস বর্জন করেন শিক্ষার্থীরা। কর্মবিরতি করেন শিক্ষক ও কর্মচারীরা। দুপুরে অভিযুক্ত শিক্ষক পিরামিডের অপসারনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষক,শিক্ষার্থী ও কর্মচারীরা।
অপসারনের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজা উদ্দিন,সহকারী শিক্ষক বাবর আলী,আবদুল করিম,সামিউল হক,আলমগীর হোসেন, রফিকুল ইসলাম,এম শহিদুল আলম,মোস্তফা কামাল, সানজিদা আক্তার,আল্পনা বেগম, আলফাতুন্নাহার,মোঃ শহিদুল্লাহ,সিদ্দিকুর রহমান,শিক্ষার্থী শাওন ও সোহাগ প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে সহকারী শিক্ষক পিরামিড মিয়াকে বিদ্যালয় থেকে অপসারণ করতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের ক্লাস বর্জণ ও শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি অব্যহত থাকবে।
অভিযুক্ত শিক্ষক পিরামিড মিয়া বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ন ভিত্তিহীন। আমাকে হেয় প্রতিপন্ন করতে চক্রান্ত করা হচ্ছে।


