নিজস্ব প্রতিনিধি ॥
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগারচর ইউনিয়নে বড় বাজেট নিয়ে মাঠে নেমেছেন স্বতন্ত্র এক চেয়ারম্যান প্রার্থী। তিনি আমেরিকা প্রবাসী। স্ব পরিবারে আমেরিকায় বসবাস করেন তিনি। চেয়ারম্যান নির্বাচন করতেই দেশে এসে নির্বাচনে অংশ নিয়েছেন। ভোটের আগেই বেনামি টাকার ছড়াছড়ি চলছে এই ইউনিয়নে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমান মাসুম প্রমানিকের বিরুদ্ধে এমন অভিযোগ স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের। নেতাকর্মীদের দাবি বিদেশী টাকা ছড়িয়ে নৌকা ডুবাতে মরিয়া মাসুম। নির্বাচনে জিততে নয় বরং নৌকা ডুবাতেই কাজ করছেন তিনি।
জানা যায়,আগামী ৫ জানুয়ারি বগারচর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হলেন পরিচ্ছন্ন রাজনীতিবিদ বগারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা গাজী মোঃ হোসেন আলী। এলাকায় তার বেশ সুনাম রয়েছে। স্থানীয় আওয়ামীলীগ ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে মাঠেও নেমেছেন। ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হোসেন আলী।
স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা জানান,এই ইউনিয়নে বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এর মধ্যে আমেরিকা প্রবাসী মোসাদ্দেকুর রহমান মাসুম প্রমানিক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে আছেন। ধনাঢ্য ব্যবসায়ী মাসুম নির্বাচনী ক্যাম্পও বসিয়েছেন বিভিন্ন এলাকায়। এতে খরচ যেমন বেড়েছে, তেমনি ক্যাম্প পরিচালনায় বাড়তি অর্থও খরচ হচ্ছে। ক্যাম্প সাজানো ও পরিচালনার কাজেও প্রচুর টাকা খরচ করছেন তিনি। তার বিরুদ্ধে টাকার বিনিময়ে বিশাল কর্মীবাহিনী নিয়ে শোডাউন,নৌকার পক্ষে বিষেদাগারসহ নানা অভিযোগ রয়েছে। চেয়ারম্যান হওয়া না হওয়া তার মুখ্য বিষয় নয়। তার উদ্দেশ্য এই ইউনিয়নে যে কোন মুল্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে পরাজিত করা। নৌকা ডুবাতেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন বলে দাবি স্থানীয় সচেতন ভোটারদের।
এ ব্যাপারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমান প্রামানিকের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।


