নিজস্ব প্রতিনিধি॥
বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে হামিদ মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় তালতলা এলাকায় এই ঘটনা ঘটে। হামিদ একই এলাকার হারুনুর রশিদের ছেলে। শিশুটির পরিবার সূত্রে জানা যায়,শুক্রবার সকালে বৃষ্টিতে গোসল করতে নামে শিশু হামিদ। বাড়ির আশে পাশে বৃষ্টির পানিতে খেলা করার এক পর্যায়ে বাড়ির সামনে একটি পুকুরে গোসল করতে যায় সে। পানিতে ডুবে সেখানেই মারা যায় হামিদ। অনেকক্ষন সময় বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে খোজঁতে থাকে। পরে ওই পুকুর থেকে হামিদের মরদেহ উদ্ধার করে স্বজনরা। খবর পেয়েই দ্রুত ওই বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা। শিশুটির বাবা-মা ও স্বজনদের সান্তনা দেন তিনি। স্বজনদের কান্না দেখে নিজেও আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনিও চোখের পানি ধরে রাখতে পারেন নি। ইউএনওর কান্নায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষনিক ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। এছাড়াও যে কোন প্রয়োজনে সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন ইউএনও ।
বকশীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু ॥ ইউএনওর সহায়তা


