মাসুদ উল হাসান ॥
ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসির বিধান মন্ত্রিসভায় অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানিয়ে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আগামী ১৮ অক্টোবর রোববার সকাল ১০ টায় আনন্দ শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করেছে বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগ। আনন্দ শোভাযাত্রা ও সমাবেশে উপস্থিত থাকার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তালুকদার জুমান। বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপস্থিত থাকার জন্য আহবান জানান তিনি।
বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমান আনন্দ শোভাযাত্রা ও সমাবেশের বিষয়টি নিশ্চিত করে জানান,নোয়াখালীর বেগমগঞ্জ, সিলেটের এম সি কলেজসহ দেশের বিভিন্ন জায়গায় যে ধর্ষণের ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে সারাদেশের ছাত্রলীগ,সারাদেশের ছাত্রসমাজ সোচ্ছার হয়েছে যেন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করে আইন করা হয়। এরই ফলশ্রুতিতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সূযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নির্দেশনা দিয়েছিলেন যেন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করা হয়। তার ফলে মন্ত্রীসভা সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর চূড়ান্ত অনুমোদন দেয়। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। দেশ যখনই কোনো সমস্যার সম্মুখিন হয় তখনই তিনি একটি সুন্দর সমাধান দিয়ে থাকেন। এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রনী ভূমিকার পালন করেছে এবং সামনেও করবে ইনশাআল্লাহ।’’
উল্লেখ্য,স্বামীর সঙ্গে বেড়াতে যাওয়া এক তরুনীতে তুলে নিয়ে সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণ এবং নোয়াখালীর বেগমগঞ্জে আরেক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভাইরাল হওয়ার পর সারা দেশে মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ধর্ষণ-নিপীড়ন বন্ধের দাবিতে রাজধানীর শাহবাগ, মতিঝিল, প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে দুই সপ্তাহ ধরে বিক্ষোভ-প্রতিবাদ চলছে। এসব কর্মসূচী থেকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করার দাবি ওঠে।
আগের আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ছিল যাবজ্জীবন সশ্রম কারাদন্ড। এখন সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদন্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদন্ড। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পায়।


