মাসুদ উল হাসান ॥
বকশীগঞ্জে স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে টাকা নিয়ে অস্বীকার করার ঘটনায় দায়েরকৃত মামলায় সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এলবাট মিয়াকে জেল হাজতে প্রেরণ করেছে বিজ্ঞ আদালত। মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে ২ নং আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নাজমুল হক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মামলার বাদীর আইনজীবি মোতাকাব্বির হোসাইন রুবেল ও ইসমাইল হোসেন সিরাজী জানান, তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে বকশীগঞ্জ উপজেলার আইরমারী নতুন পাড়া এলাকার বাসিন্দা আঃ ছামাদের ছেলে নুরুল ইসলামের কাছ থেকে ৮ লাখ টাকা নেন সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এলবাট মিয়া। কিন্তু সময় মত তিনি টাকা ফেরত দেননি। পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এলবাট মিয়ার কাছে টাকা ফেরত চাইতে গেলে টাকা স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে টাকা নেওয়ার কথা অস্বীকার করেন তিনি। এই ঘটনায় গত ২৬ আগষ্ট জামালপুর আদালতে ৪০৬/৪২০ ধারায় একটি মামলা দায়ের করেন নুরুল ইসলাম। বিজ্ঞ আদালত বিষয়টি আমলে নিয়ে আসামীকে সমন জারি করেন। ১৩ অক্টোবর সমনের ধার্য্য তারিখে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন এলবাট মিয়া। আদালত জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলায় বাদী পক্ষে শুনানি করেন এডভোকেট মোতাকাব্বির হোসাইন রুবেল ও ইসমাইল হোসেন সিরাজী এবং আসামী পক্ষে শুনানী করেন এডভোকেট আনিছুজ্জামান।


