সুমন ভৌমিকঃ বাংলাদেশ পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা আইজিপি পদক লাভ করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জয়িতা শিল্পী।
জাতীয় পুলিশ সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার ৭ জানুয়ারি সকাল ৯ টায় আইজিপি ড. মো: জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) জয়িতা শিল্পীকে এই ব্যাজ পরিয়ে দেন। রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টারে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে এই গুরুত্বপূর্ণ ব্যাজ পরানো হয়।
“মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এ প্রতিপাদ্য নিয়ে ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুলিশ সপ্তাহ ২০২০ উপস্থাপনা করেন জয়িতা শিল্পী। এক্ষেত্রে তিনি তার চমৎকার পারফমেন্স এর জন্য আইজিপিসহ উর্ধতন পুলিশ কর্মকর্তাদের প্রশংসা অর্জন করেন। তিনি আইজিপি পদক-২০১৯ লাভ করেছেন।
দায়িত্বশীল পুলিশ অফিসার জয়িতা শিল্পী একজন সুবক্তা, নান্দনিক উপস্থাপক ও জনপ্রিয় লেখক। তিনি প্রবন্ধ, নিবন্ধ, কলাম লেখক ও গবেষক। কবি হিসাবেও তিনি অসামান্য জনপ্রিয়। তার লেখা ইতোমধ্যে খুবই জনপ্রিয়তা পেয়েছে। জয়িতা শিল্পীর ২ টি প্রবন্ধগ্রন্থ ও ৩টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।
কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকান্ড, সরকারি ও ব্যক্তিগত কাজের মাধ্যমে বাহিনীর মর্যাদা বৃদ্ধি, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনসহ দক্ষতা, সাহসিকতা, বীরত্বপূর্ণ অবদান, দৃষ্টান্তমূলক সেবা, পেশাগত কাজে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ বা আইজিপি ব্যাজ পদান করা হয়ে থাকে।
এবার পুলিশ সপ্তাহ-২০২০ অনুষ্ঠানে ছয়টি বিশেষ ক্যাটাগরিতে ৫৯৫ জন সদস্য পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ এই পুরস্কার এর জন্য মনোনীত হন। পুলিশ সদর দফতর থেকে বৃহস্পতিবার এই তালিকা চূড়ান্ত করা হয়।
পুলিশ সদর দফতর সূত্র থেকে জানা যায়, কনস্টেবল থেকে শুরু করে ডিআইজি পদমর্যাদা পর্যন্ত মনোনীত ৫৯৫ জনের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে ২০৬ জন, ‘বি’ ক্যাটাগরিতে ১৩৭ জন, ‘সি’ ক্যাটাগরিতে ১০৫ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ৫২ জন, ‘ই’ ক্যাটাগরিতে ৫১ জন ও ‘এফ’ ক্যাটাগরিতে ৪৪ জন সদস্য আইজিপি ব্যাজ লাভ করেন।
যেকোনও স্বীকৃতি ভালো কাজের উৎসাহ দেয়। স্বীকৃতি পাওয়াটা সংশ্লিষ্টদের কাজকে আরও বেশি গতিশীল করে। চৌকষ অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পীর আইজিপি পদক লাভের সাফল্যে ময়মনসিংহ জেলা পুলিশসহ ময়মনসিংহবাসীও গর্বিত।


