সুমন ভৌমিকঃ নবাগত পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) বলেছেন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক গুরত্বপূর্ণ। যেন ভুল বোঝাবুঝি না হয়। পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে আমরা জনগণের সেবা করবো। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে চাই।
ময়মনসিংহে যোগদানের পর নবাগত পুলিশ সুপার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রথম মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, আমার মতে তিনটি চাকরি-চাকরি না। পুলিশ-ডাক্তার-সাংবাদিক এই তিনটি পেশা হচ্ছে সেবা। যা দেশ জাতির জন্য গুরুত্বপূর্ণ।
পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, একজন ব্যক্তি জাতির জনক বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে নেতৃত্ব দিচ্ছেন বলেই দেশ আজ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, মাদক, দুর্নীতি, সন্ত্রাস নির্মূলে প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুলিশ কাজ করছে। জঙ্গিবাদ নির্মূলে সারাবিশ্বে বাংলাদেশের অবস্থান অগ্রণী পর্যায়ে রয়েছে। আমরা যদি তা নির্মূল করতে পারি তবে বাংলাদেশ এগিয়ে যাবে।
ইংরেজী নববর্ষ ২০২০ এর প্রথমদিন বুধবার(১ জানুয়ারি) সকালে পুলিশ লাইন্স দরবার হরে আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান সাংবাদিকদের সাথে পরিচিত হন। তিনি সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, বেসিক উন্নয়নের পরিবেশ বজায় রাখতে তিনি দৃশ্যমান পুলিশিং এর মাধ্যমে জেলা পুলিশকে কার্যকর গতিশীলতায় রাখতে সচেষ্ট হবেন।
তিনি বলেন, কাজের মাধ্যমেই আমি আমার পরিচয় দিতে চাই। আমি কাজ করতে চাই মূল জায়গায়। যা হবে টেকসই। এক্ষেত্রে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
তিনি আরো বলেন, পেশাগত দায়িত্ব পালনে সবার মধ্যে যেন ভ্রাতৃত্ববোধ জাগ্রত থাকে। শুধু পুলিশের একার পক্ষে আইন-শৃঙ্খলা সুরক্ষা সম্ভব নয়। এক্ষেত্রে সাংবাদিক, সচেতন সমাজ সহ সকলকেই এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে সামাজিক সচেতনতা গুরুত্বপূর্ণ।
নবাগত পুলিশ সুপার বস্তুনিষ্ঠ সংবাদকে আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য জরুরি বলে উল্লেখ করেন। তিনি বলেন, সেনসেটিভ সাংবাদিকতায় সংবাদকর্মীদের সতর্কতা দরকার। নিউজ ভেল্যু, খবরের খারাপ প্রভাব ইত্যাদি সম্পর্কে দায়িত্বশীল হতে হয়। এক্ষেত্রে পুলিশ ও সাংবাদিকের ভূমিকার মিথস্ক্রিয়া অপরিহার্য্য।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকগন খোলামেলা বক্তব্যে মাদক, ট্রাফিক ব্যবস্থাপনা, কমিউনিটি পুলিশিং, নারী নির্যাতন, জুয়া, ছিনতাই সহ বিভিন্ন দিকে আলোকপাত করেন।
পুলিশ সুপার বলেন, ট্রাফিক ব্যবস্থাপনার সাথে ট্রাফিক প্রকৌশল উন্নয়ন পরিকল্পনার জন্য গুরুত্ববহ। এখানে জনসচেতনতার বিষয় জড়িত। পরিবেশ বান্ধব ট্রাফিক উন্নয়নে পুলিশ-সাংবাদিক নাগরিক-জনপ্রতিনিধিদের নিয়ে কমিটি করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মাদক নির্মূল সম্পর্কে নবাগত পুলিশ সুপার বলেন, মাদকের রুট, পৃষ্ঠপোষক-গডফাদার ও ব্যবসায়িদের টার্গেট করে তিনি মাদক নির্মূলে মূল জায়গায় আঘাত করবেন। মাদকে কে জড়িত, তার পরিচয় দেখার বিষয় নয় বলে তিনি কড়া বার্তা দেন। মাদক-দুর্নীতি-সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, ডিআইজি নির্দেশনা মাফিক জেলা পুলিশ কাজ করবে।
মুক্তিযোদ্ধাদের জন্য সেবা-ড্রেক্স স্থাপনসহ জেলার প্রতিটি থানাকে সেবার জন্য এক্সিলেন্স হিসাবে গড়ে তুলতে তিনি কাজ করবেন।
চাঁপাই নবাবগঞ্জ জেলার কৃতি সন্তান মোহাঃ আহমার উজ্জামান পিপিএম-সেবা পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে বিভিন্ন জেলা ছাড়াও কসোভো শান্তি রক্ষা মিশনে চৌকস অফিসার হিসাবে প্রশংসনিয় ভূমিকা রাখেন। তিনি বিবাহিত জীবনে দুই সন্তানের জনক।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শাকের আহমেদ (গৌরীপুর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার আল-আমীন (সদর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার স্বাগতা ভট্টাচার্য্য মৌ, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম, জেলা ট্রাফিক বিভাগ পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান, জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ শাহ্ মোঃ কামাল আকন্দ, জেলার বিশেষ শাখার অফিসার ইনচার্জ ইমরান আল হোসাইন।
মতবিনিময় সভার উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক জিয়া উদ্দিন আহমেদ, এমইউজে সভাপতি আতাউল করিম খোকন, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিত রায়, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি, ময়মনসিংহ গণমাধ্যম গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট এর প্রশিক্ষণ পরিচালক দৈনিক মাটি ও মানুষ ভারপ্রাপ্ত সম্পাদক আলহাজ্ব আশিক চৌধুরী, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক উর্মিবাংলা প্রতিদিন এর ভারপ্রাপ্ত সম্পাদক সুমন ভৌমিক, দৈনিক উর্মিবাংলা প্রতিদিন এর বার্তা সম্পাদক বদরুল আমীন, দৈনিক মাটি ও মানুষ এর বার্তা সম্পাদক বিল্লাল হোসেন প্রান্ত প্রমুখ।
এছাড়াও সিনিয়র সাংবাদিক এএইচএম মোতালেব, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন, এনটিভি জেলা প্রতিনিধি আইয়ুব আলী, মানবজমিন প্রতিনিধি মতিউল আলম, ঢাকা প্রতিদিন ব্যুরো প্রধান আব্দুল হাফিজ, আমাদের সময় প্রতিনিধি, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দৈনিক সংবাদ প্রতিদিন জেলা প্রতিনিধি এমএ আজিজ, দৈনিক স্বজন বার্তা সম্পাদক কামাল হোসেন, সাপ্তাহিক আমাদের ময়মনসিংহ সম্পাদক কামরুল ইসলাম, দৈনিক ঢাকা টাইমস জেলা প্রতিনিধি জয়নাল আবেদিন, সিএনএন টিবি জেলা প্রতিনিধি আবুল হোসেন বিনয় প্রমুখ।


