বদরুল আমীনঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশনে সম্প্রতি অটো টেম্পুতে চাঁদাবাজী বন্ধ হলেও নতুন করে শম্ভুগঞ্জে ইজারাদার সবুজ মন্ডন নামের ব্যক্তির তত্বাবধানে একটি চক্র ১০ টাকা হারে চাঁদা আদায় করে চলেছেন। সবুজ মন্ডল প্রতিদিন ১০/১২ জন শ্রমিক দিয়ে চাঁদা আদায় করছেন বলে জানা গেছে। গত তিন মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি।
সূত্র জানায়, ময়মনসিংহ পৌরসভা থাকা সময়ে জনৈক সোহেল গনী নামের এক ব্যক্তি অটো, টেম্পু থেকে প্রতিদিন ১০ টাকা করে চাঁদা আদায় করতো। পৌর কর্তৃপক্ষ চাঁদাবাজীর ঘটনা অস্বীকার করায় তা বন্ধ হয়ে যায়। পরে দফায় দফায় প্রতিবাদ ও তদন্ত হয়। আইগতভাবে স্থানীয় প্রশাসনও এটা অপরাধের চোখে দেখেন বলে মন্তব্য করেন। গত কয়েক মাস ধরে দেখা যায়, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নামে শম্ভুগঞ্জের ইজারাদার সবুজ মন্ডল নামের এক ব্যক্তি অটো, টেম্পু, সিএনজি, মাহিন্দ্র ও যাত্রীবাহী পিকআপ থেকে ১০ টাকা হারে নিয়মিত চাঁদা আদায় করে আসছে।
তাহলে কি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ অনুমতি দিয়েছেন? ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার দিগারকান্দা বাইপাস, ফুলবাড়িয়া বাইপাস, আকুয়া বাইপাস ও রহমতপুর বাইপাসে সিটি কর্পোরেশনের নামে চাঁদাবাজি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গিয়াছে। শম্ভুগঞ্জে সবুজ মন্ডল অবাধ চাঁদাবাজীর সবুজ সংকেত পেলেন কার কাছ থেকে? কেউ দেখছে না কেন? এতোসব প্রশ্নের উত্তর খুজতে গিয়ে জানা গেছে “একদল সন্ত্রাসীর তত্বাবধানে চাঁদাবাজী শুরু হয়েছে শম্ভুগঞ্জ পয়েন্টে”।


