ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের আসন্ন মৌসুমে দিনের খেলা কমিয়ে রাতে বেশি বেশি ম্যাচ আয়োজন করার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যাতে করে টুর্নামেন্টের স্টেকহোল্ডাররা রাতের ম্যাচগুলো বেশি বেশি ব্যবহার করতে পারে।
শোনা যাচ্ছে, আইপিএলের ১৩তম আসর তথা ২০২০ সালের আসরে আট দলের সবাই মাত্র ১টি করে দিনের ম্যাচ খেলবে এবং আগের সূচি অনুযায়ী সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে দুইটি করে ম্যাচের সংখ্যাও কমিয়ে আনা হবে। খুব শীঘ্রই এমন পরিকল্পনার বাস্তব রূপ দেয়া প্রস্তাবিত সূচি পাঠানো হবে আইপিএলের গভর্নিং কাউন্সিলের কাছে।
ব্রডকাস্টারদের সঙ্গে কথা বলেই এমন সিদ্ধান্তে উপনীত হয়েছে বিসিসিআই। তবে বেশিরভাগ ম্যাচই যদি সন্ধ্যা ৭টায় শুরু করা হয়, তাহলে টিভি কমার্শিয়ালের ব্যাপারে একটা সমস্যায় পড়তেই হবে ব্রডকাস্টারদের। ফ্র্যাঞ্চাইজিদের দাবি মোতাবেক, দর্শকদের সুবিধার্থে রাতের ম্যাচগুলো ১ ঘণ্টা এগিয়ে সন্ধ্যা ৭টায় শুরুর কথাই ভাবছে আয়োকরা।
ভারতীয় সংবাদ মাধ্যমে বিসিসিআইয়ের এক মুখপাত্র বলেন, ‘রাতের বেলা আরও বেশি ম্যাচ খেলার একটা পরিকল্পনা চলছে। এটা যদি পাস হয়, তাহলে সব দল দিনের বেলা মাত্র ১টি করে ম্যাচ খেলবে। আগে যেমন ৪৫ দিনে টুর্নামেন্ট শেষ করা ফেলা হতো, এবার তা না করে পূর্ণ ৬০ দিন ব্যবহারের কথাই ভাবা হচ্ছে।’


