29.2 C
Munich
Tuesday, May 26, 2026

স্বাস্থ্যমন্ত্রী ও ২ মেয়রের কুশপুত্তলিকা দাহ

Must read

সম্প্রতি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশে বেশ কয়েক জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। সরকার ও প্রশাসন এর পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও এখন পর্যন্ত ডেঙ্গু সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

রোববার (২৮ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন। এডিস মশার প্রজনন ক্ষমতা সম্পর্কে ‘বালখিল্য’ মন্তব্য করার অভিযোগে স্বাস্থ্যমন্ত্রী এবং মশা নিধনে ব্যর্থ হওয়ায় দুই সিটি মেয়রের পদত্যাগ দাবি ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক এবং সিটি কর্পোরেশনের দুই মেয়রের কুশপুত্তলিকা দাহ করা হয়। পাশাপাশি তাদের ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি।

বেঁধে দেয়া সময়ের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

গত বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ আয়োজিত ‘ডেঙ্গু: চেঞ্জিং ট্রেন্ডস অ্যান্ড ম্যানেজমেন্ট আপডেট’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘এডিস মশার প্রজনন ক্ষমতা রোহিঙ্গাদের মতো হওয়ায় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।’

কুশপুত্তলিকা দাহ করার আগে রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত মানববন্ধনে মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন ঢাকাবাসীর জন্য মিনি ডাস্টবিন স্থাপন করেছেন। কিন্তু এগুলো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না, ময়লাও পরিষ্কার করা হচ্ছে না। এসব ডাস্টবিনে জমে থাকা পানিতে মশার বংশবিস্তার করা হচ্ছে। এর দায়ভার কার? দুর্নীতির কারণেই কি রক্ষণাবেক্ষণ হচ্ছে না, নাকি মেয়র সাহেব এটাকেও গুজব বলে উড়িয়ে দেবেন?’

মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আল মামুন বলেন, ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। একে গুজব বলে মেয়র স্বপদে থাকার বৈধতা হারিয়েছেন। মশা নিধনে সিটি করপোরেশন সম্পূর্ণ ব্যর্থ। ডেঙ্গুতে মৃত্যুবরণ করা নাগরিকদের হত্যার দায়ভার দুই মেয়রকে নিতে হবে।’

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article