নিজস্ব প্রতিবেদক | ঢাকা থেকে ডিক্লারেশন পেয়েছে বাংলা দৈনিক নবপ্রকাশ। বুধবার (২৪ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাপত্রের কপি প্রকাশক ও সম্পাদক শাহিদুর রহমান শাহিদ গ্রহণ করেন। অচিরেই এ দৈনিকটি বাজারে আসবে বলে জানা গেছে।
এ বিষয়ে শাহিদুর রহমান শাহিদ বলেন, নবপ্রকাশের প্রধান লক্ষ্য হবে দেশের শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্র ও কুটির শিল্প এবং কৃষি খাতকে তুলে ধরা। তুলে ধরা হবে শহরের পাশাপাশি গ্রামের মানুষের সুখ-দুঃখের কথা। এছাড়া ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির ভেতরের খবরও থাকবে।
‘নবপ্রকাশ’ নামে একটি বাংলা জাতীয় দৈনিক পত্রিকা প্রকাশের অনুমতি চেয়ে ২৩ ফেব্রুয়ারি ঢাকার জেলা প্রশাসকের কাছে আবেদন করেন শাহিদ। ২৭ এপ্রিল নামের ছাড়পত্র দেয় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর। এরপর আবেদনের সঙ্গে জমা দেওয়া কাগজপত্র যাচাইয়ের পর এই ডিক্লারেশন দেওয়া হলো।
এর আগে শাহিদুর রহমান শাহিদ অনলাইন নিউজ পোর্টাল ডেইলি বাংলাদেশের সম্পাদক ছিলেন। দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবেও কাজ করেছেন তিনি। এছাড়াও তিনি দৈনিক মানবকণ্ঠ, দৈনিক সংবাদ, দৈনিক ভোরের ডাক, দৈনিক প্রভাত সহ বিভিন্ন সংবাদপত্রে দায়িত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।


