মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দাড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রেখে বৃহস্পতিবার দুপুরে একই স্কুলের সহকারী শিক্ষকের নেতৃত্বে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। প্রায় ৩ ঘন্টা পর বকশীগঞ্জ থানা পুলিশ প্রধান শিক্ষক আজাদ হোসেনকে স্কুল কক্ষ থেকে উদ্ধার করে। চাহিদা মাফিক ছুটি মঞ্জুর না করায় সহকারী শিক্ষক গোলাম মোস্তফা প্রধান শিক্ষক আজাদ হোসেনের বিরুদ্ধে ওই মানববন্ধন করে।
জানা যায়, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা নীলাক্ষিয়া ইউনিয়নের দাঁড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোলাম মোস্তফা প্রধান শিক্ষক আজাদ হোসেনের কাছে ছুটির আবেদন করেন। বিধি মোতাবেক আবেদন না করায় প্রধান শিক্ষক আজাদ হোসেন ছুটি মঞ্জুর করেননি। ছুটি মঞ্জুর না করায় সহকারী শিক্ষক গোলাম মোস্তফা ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষক আজাদ হোসেনের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সহকারী শিক্ষক গোলাম মোস্তফা প্রধান শিক্ষক আজাদ হোসেনকে স্কুল কক্ষে তালাবদ্ধ করে অবরুদ্ধ করে রাখেন। প্রধান শিক্ষক আজাদ হোসেনকে অবরুদ্ধ করে রেখে সহকারী শিক্ষক গোলাম মোস্তফা তার অনুসারীদের নিয়ে স্কুল মাঠে মানববন্ধন করেন। ঘটনার খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ স্কুল কক্ষ থেকে অবরুদ্ধ প্রধান শিক্ষক আজাদ হোসেনকে উদ্ধার করে।
এব্যাপারে দাড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ হোসেন জানান, কর্তৃপক্ষের নির্দেশে ছুটির অন্যায় আবদার মঞ্জুর না করায় সহকারী শিক্ষক গোলাম মোস্তফা আমার উপর হামলা করে এবং আমাকে অবরুদ্ধ করে রাখে। পুলিশ যথা সময়ে না গেলে আমাকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারতেন না।
এ ব্যাপারে দাড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা জানান প্রধান শিক্ষকের অনিয়মের বিরুদ্ধে এলাকার লোকজন মানববন্ধন করেছে। আর কিছু হয়নি।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, ঘটনাট খবর পেয়ে পুলিশ দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দিয়েছে। পরবর্তীতে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


