মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে গড়ে উঠা অনিবন্ধিত প্রাইভেট ক্লিনিক ও ডায়াাগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য বিভাগ, পুলিশ ও র্যাব নিয়ে গঠিত টাস্কফোর্স এই অভিযান চালায়। অভিযানে অনিবন্ধিত ৪টি প্রতিষ্ঠান সিলগালা ও বিভিন্ন অংকের আর্থিক জরিমানাসহ একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।
শনিবার (২৮ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বকশীগঞ্জ উপজেলার পৌর শহরসহ বিভিন্ন একাকার এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজার নেতৃত্বে অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আজিজুল হক, র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার আশিকুর রহমানসহ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে চলাকালে নিবন্ধন না থাকায় ফরিদ ডায়াগনস্টিক সেন্টারকে ৩৫ হাজার, ডাঃ এফ রহমান হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ৫০ হাজার,মর্ডান ডায়াগনষ্টিক সেন্টারকে ২০ হাজার এবং নবায়ন নেই ও অপরিছন্ন থাকায় নূর ডায়াগনোষ্টিক সেন্টারকে ২০ হাজার, আশ্রাব উদ্দিন হাসপাতাল ৬হাজার ও হাবীব মেডিকেল হল ৬হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ফাহিম মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকায় মালিক ফরিদ উদ্দিন কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা জানান,স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্রের আলোকে গৃহিত সিদ্ধান্ত মোতাবেক যৌথ অভিযান পরিচালনা করা হয়। কোন বৈধ কাগপত্র না থাকায় ৪টি ক্লিনিককে জরিমানা ও সিলগালা করা হয়েছে। অনিবন্ধিত হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টার সমূহের বিরুদ্ধে এ কার্যক্রম চলমান থাকবে।


