ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধিতে দিশেহারা সাধারণ মানুষ। এমন অবস্থায় কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করছে। জামালপুরের মেলান্দহ উপজেলায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সয়াবিন তেল মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ মার্চ) সকালে জামালপুরের মেলান্দহ অভিযান পরিচালনা করে দুই দোকানে ৮১ হাজার ৫০০ লিটার সয়াবিন তেলের সন্ধান পান ভ্রাম্যমাণ আদালত। মেলান্দহ উপজেলা সহ-সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ বাজারে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেসার্স তপু এন্টার প্রাইজের গুদামে ৫৬ হাজার লিটার এবং জননী তেল ভান্ডারে ২৫ হাজার ৫০০ লিটার সয়াবিন তেলের সন্ধান পাওয়া যায়।
তিনি আরও বলেন, তারা দুইজন তেল ব্যবসায়ী হলেও তাদের কাছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল থাকায় তপু এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী শ্রী তপু সাহাকে ২০ হাজার টাকা এবং জননী তেল ভান্ডারের স্বত্ত্বাধিকারী সিরাজুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


