ময়মনসিংহে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে অর্ক প্রিয়া ধর নামের ১০ম শ্রেণির এক শিক্ষার্থী। এর আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরিবারের সাথে অভিমান করে একটি পোস্ট দেয় প্রিয়া। সেখানে নিজের ভাই ও বাবা-মায়ের বিরুদ্ধে ক্ষোভের কথা বলেন তরুণী। এ ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ।

রোববার (১৩ মার্চ) দুপুরে শহরের স্বদেশি বাজার এলাকায় ঘটে এ ঘটনা। নিহতের অর্ক প্রিয়া ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী। তার বাবা বাংলা গবেষক ও লেখক স্বপন ধর। শহরের পুলিশ লাইন এলাকায় থাকলেও ২ দিন আগে এই এলাকায় নিজের আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে অর্ক প্রিয়া। তবে স্বজনরা বলছে, নিজের বাড়িতে চলে গিয়েছিল তরুণী। রোববার কখন এসে তাদের বাড়ির পার্শ্ববর্তী ভবনে উঠে সেখান থেকে লাফিয়ে পড়ে সে, তা জানা নেই কারোর।

এদিকে, মেয়ের আত্মহত্যার ঘটনায় সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে তার পরিবার। এরই মধ্যে মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।


