মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উলফাতুননেছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে হয়ে গেল দিনব্যাপী পিঠা উৎসব।
বুধবার (২ মার্চ) অনুষ্ঠিত পিঠা উৎসবে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের যৌথ উদ্যোগে এই জমকালো অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা, সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান জুম্মান তালুকদার,মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন,উলফাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান প্রমূখ।
করোনা ভাইরাসের কারণে গত বছর পিঠা উৎসবে না হওয়ায় দীর্ঘ দিন পর ছাত্র-ছাত্রীদের মিলনমেলার এক অপূর্ব দৃশ্য দেখা যায়। ছোট বেলার পিঠাপুলির কথা স্মরণ করেন শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ অনেকে। বিদ্যালয় প্রাঙ্গনে স্টলগুলো সাজানো হয়েছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হরেক রকমের পুষ্প দিয়ে। দর্শকদের ছিল উপচে পড়া ভিড়। স্টলে স্টলে প্রধান অতিথি, বিশেষ অতিথিগন ও অভিভাবকবৃন্দরা ঘুরে ঘুরে দেখেন নানা রকম পিঠার কারু কাজ।
উল্লেখযোগ্য পিঠার মধ্যে ছিল দুধপুলি পিঠা, পুলি পিঠা, পাঠি সাপটা, জামাই পিঠা, বেনি পিঠা, পাকান পিঠা, ভাপা পিঠা, কমলা সুন্দরী, তালের বড়া, নকশী পিঠা, সেমাই পুলি পিঠা, রস পিঠা, সবজি পাকান, শামুক পিঠা, ডিম পিঠা, ক্ষীর পুলি পিঠা, দুধ চিতই পিঠা, সুজি পিঠা, ডিমসুন্দরী পিঠা, ঝাল পিঠা ডাল পিঠা, নারিকেল পুলি পিঠা।


