মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে পুলিশের উপর হামলা ও গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় এলাকাবাসীর সাথে জেলার পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ জানুয়ারি) দুপুর ১ টায় জেলা পুলিশের উদ্যোগে মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় মাঠে জনসাধারণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।এসময় তিনি মেরুরচর এলাকা পরিদর্শন করেন।পরে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন বলেন, পুলিশ অযথা কাউকে হয়রানি করবে না।বর্তমান ডিজিটাল যুগে ভিডিও ও স্টিল পিকচার দেখে আসামি সনাক্ত করা হচ্ছে এবং আমারা সে পথেই আগাচ্ছি। ঘটনার সাথে জড়িত না এমন কাউকেই হয়রানি করা হবে না। আপনারা ভয় পাবেন না স্বাভাবিক জিবনে ফিরে আসুন, নিজের ঘরে ফিরে আসুন। প্রাত্যহিক কাজ কর্ম করুন। যেকোন প্রয়োজনে আমাকে অবগত করুন।
উল্লেখ্য যে, গত ০৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা এক পর্যায়ে পুলিশের উপর হামলা ,পুলিশের গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে। পরবর্তীতে পুলিশ বাদি হয়ে বকশীগঞ্জ থানায় ৬০/৭০ জনের নামে ও প্রায় শতাধিক অজ্ঞাত নামে আসামি করে মামলা করে। এরপর থেকেই মেরুরচর এলাকায় গ্রেফতার আতংক ছড়িয়ে পরে। চার গ্রামে মানুষ শূন্য হয়ে যায়। এরপর বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাটে উদ্যোগে নিরপরাধ মানুষকে ঘরে ফিরে আনতে সভা করা হয়।
মতবিনিময় সভায় দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম রাসেলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে এসময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম,বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.শাহীন আলআমিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ আলী, শিক্ষক রাজিউল হাসান লাভলু, মজনু মাষ্টার প্রমূখ্য। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।


