মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ মেরুরচর ইউপি নির্বাচনে ভোট কেন্দ্রে পুলিশের উপর হামলা ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় নিরপরাধ ব্যাক্তিদের আতঙ্কিত না হয়ে ঘরে ফিরার আহ্বান জানিয়েছেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট।
গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে মেরুরচর হাসেন আলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে পুলিশের উপর হামলা ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় নামীয় ৯২ জনসহ অজ্ঞাতনামা ১৬শ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেন হককে প্রধান আসামী করে ৬ তারিখ রাতে বকশীগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়। এই ঘটনায় ইতোমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। অপরাধীরা গা ঢাকা দিয়েছে সেই সাথে মেরুরচরসহ ৪ গ্রামের নিরপরাধ মানুষ আতঙ্কিত হয়ে ঘর বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছে। এসব এলাকায় গিয়ে দেখা যায় গ্রেপ্তার আতঙ্কে রয়েছে মেরুরচর, ফকিরপাড়া,কলকিহারা ও বাগাডুবা এলাকার মানুষ। ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়েছে নারী পুরুষ সবাই। অভিভাবকদের সাথে শিশু ও বয়োবৃদ্ধরাও পালিয়ে বেড়াচ্ছে। বাড়ির সকল দরজায় ঝুলছে তালা।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, ঘটনার সঙ্গে সম্পৃক্ততা নেই বা ছিলেন না এমন কাউকেই গ্রেফতার বা হয়রানি করা হবে না। বিনা অপরাধে আপনারা আতঙ্কিত না হয়ে নিজের ঘরে ফিরে আসুন, প্রকৃত অপরাধী ও আসামীদের ধরতে পুলিশকে সহযোগিতা করুন।
উল্লেখ্য উক্ত হামলায় বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট,তদন্ত ওসি আবদুর রহিম,এস আই আবু শরীফসহ ১১ জন পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ,বিজিবি ও র্যাব সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং আহতদের বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে গুরুতর আহত ওসি তদন্ত আব্দুর রহিমকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


