মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের তিন বারের মেম্বারকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন মাসুম মিয়া বাবলু। ৫ জানুয়ারি নিলাক্ষিয়া ইউপি নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
এ নির্বাচনে দুটি কেন্দ্রে মিলে ঘুড়ি প্রতীকের প্রার্থী ও সাবেক তিন বারের মেম্বার নজরুল ইসলাম লিচুকে ৬৩ ভোটের ব্যবধানে পরাজিত করে মোরগ প্রতীকের প্রার্থী মাসুম মিয়া বাবলু নির্বাচিত হয়েছেন। বেসরকারী ভাবে ঘোষিত ফলাফলে তিনি পেয়েছেন মোট ১১৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নজরুল ইসলাম লিচু ঘুড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১১২৯ ভোট।
মেম্বার নির্বাচিত হয়ে এক প্রতিক্রিয়ায় মাসুম মিয়া বাবলু জানান,সব সময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করি। মানুষ বেশি কিছু চায় না, ভালো আচরণ, সুষ্ঠু বিচার আর যেকোনো সমস্যায় মেম্বার তাদের পাশে থাকুক এটাই চায়। সেই সাথে ৯নং ওয়ার্ড মডেল ওয়ার্ডে পরিণত করার চেষ্টা করবো।যতদিন বেঁচে থাকবো ততদিন সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকায় সমাজ ও দেশের জন্য কাজ করে যাবো। তার জন্য প্রত্যেকের কাছ থেকে সহযোগিতা,পরামর্শ ও দোয়া চাই।
বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮ টা হতে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোট । কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় ভোট গ্রহন। ভোট গননা শেষে বেসরকারী ভাবে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার আশিকুর রহমান।


