মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হলেন সিদ্দিকুর রহমান সিদ্দিক। আগামী ৫ জানুয়ারী ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড থেকে মেরুরচর ইউনিয়ন পরিষদের জন্য সিদ্দিকুর রহমান সিদ্দিক চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলার ৭নং মেরুরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পাঁচজন দলীয় মনোনয়ন জমা দেন মেরুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সবুজ মেলেটারী, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল আলীম তাঁরা গত নির্বাচনে নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহিদুল ইসলাম জেহাদ, সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ও উপজেলা যুবলীগের নেতা বিশিষ্ট শিল্পপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক।
শনিবার রাতে সিদ্দিকুর রহমান সিদ্দিক নৌকার চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচিত হলে তাকে ফুলেল শুভেচ্ছায় নেতাকর্মীরা বরণ করে নেয়, ফেসবুকে অভিনন্দন বার্তায় সিক্ত করছে।
উল্লেখ্য,বকশীগঞ্জ উপজেলায় মোট ইউনিয়ন ৭টি, তন্মধ্যে ৪র্থ ধাপে বকশীগঞ্জ সদর ইউনিয়ন ও বাট্রাজোর ইউনিয়ন ২৬ ডিসেম্বর নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। নিলক্ষিয়া,সাধুরপাড়া,বগারচর,কামালপুর ও মেরুরচর ইউনিয়নের নির্বাচনের ভোট ৫ জানুয়ারী অনুষ্ঠিত হবে।


