মাসুদ উল হাসান ॥
মৎস্য সংরক্ষন আইন বাস্তবায়ন করতে ইলিশ মাছ রক্ষায় হাট বাজারে অভিযান চালিয়েছেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা। ইলিশ মাছ রক্ষায় ইলিশ মাছ যেন কেউ বাজারে ক্রয় বিক্রয় করতে না পারে সেজন্য সোমবার বাট্টাজোড় নতুন বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন তিনি। অভিযান চলাকালীন বাজারে কাউকে ইলিশ মাছ মজুদ বা ক্রয়-বিক্রয় করতে দেখা যায়নি। সরকারি সিদ্ধান্তমতে উপজেলা প্রশাসনের এ কার্যক্রম জনস্বার্থে অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।
জানা যায়, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ ধরা বন্ধ থাকবে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রতিবছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে-পরে মিলিয়ে মোট ১৫ থেকে ১৭ দিন হচ্ছে ইলিশের ডিম ছাড়ার আসল সময়। এ সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে ছুটে আসে। এই সময়কে বিবেচনায় নিয়ে প্রতিবছরের ন্যায় এ বছরও মোট ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় ইলিশকে স্বাচ্ছন্দ্যে ডিম ছাড়ার সুযোগ দিতেই সরকার দেশের সব নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
বকশীগঞ্জে মৎস্য সংরক্ষন আইন বাস্তবায়নে ইউএনওর অভিযান


