মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে গণপরিবহনের চালক, হেলপারদের সচেতনতা ও যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষে প্রশিক্ষন কর্মশালা ও বাস টার্মিনাল,পেট্রোল পাম্প, সিএনজি ফিলিং স্টেশন কেন্দ্রীক কমিউনিটি পুলিশিং ফোরাম সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজামাল সেন্ট্রাল প্লাজায় বকশীগঞ্জ হাইওয়ে থানার আয়োজিত কর্মশালা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন-বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য ও বাস মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন। বকশীগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ নয়ন দাশের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বকশীগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি আশেক আলী ও সাধারন সম্পাদক মিষ্টার রানা। এসময় কর্মশালা ও আলোচনা সভায় কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ ও বকশীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক পরিবহন মালিক, চালক ও হেলপাররা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ নয়ন দাশ বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাই অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, ওভারটেকিং এড়িয়ে চলা ও গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার জন্য চালকদের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া গাড়ি চালানোর পূর্বে ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের কাগজপত্র ঠিক আছে কিনা দেখে নেয়া, মহাসড়কে হেলপার দিয়ে কিংবা চোখে ঘুম নিয়ে গাড়ি না চালাতে পরামর্শ দেয়া হয়।তিনি আরও বলেন, চালকদের পাশাপাশি পথচারীদেরও সতর্কতার সহিত রাস্তা পারাপার হতে হবে। চালক, হেলপার ও পথচারী, সকলের সচেতনতায় দূর্ঘটনা কমিয়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।


