নিজস্ব প্রতিনিধি :
হাইব্রীড যদি পছন্দ না হয় তাহলে আপনারা চলে যান,যান চলে যান। বর্ধিত সভায় সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর এমন মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বইছে নিন্দা ও সমালোচনার ঝড়। সোমবার বিকালে সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় এমন মন্তব্য করেন ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। এতে করে হ-য-ব-র-ল অবস্থার মধ্যদিয়ে শেষ হয় বর্ধিত সভা।
জানা যায়,সোমবার বিকালে সাধুরপাড়া কে.বি মডেল উচ্চ বিদ্যালয়ে সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু। বর্ধিত সভা শুরুর পর এক পর্যায়ে সাধুরপাড়া ইউনিয়ন তাতীঁলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বক্তব্য দেন। কিন্তু বক্তব্য শেষে তিনি দলীয় স্লোগান জয় বাংলা,জয় বঙ্গবন্ধু না বলেই মাইক ছেড়ে দেন। পরে যদিও আবার জয় বাংলা,জয় বঙ্গবন্ধু বলেন তিনি। এই নিয়ে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে কানাকানি শুরু হয়। সভায় উপস্থিত অনেক নেতাকর্মী হাইব্রীড বলে মন্তব্য করেন। হাইব্রীড বলে মন্তব্য করায় বর্ধিত সভার সঞ্চালক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু মাইক হাতে রাগান্বিত হয়ে বলেন হাইব্রীড যদি পছন্দ না হয় তাহলে আপনারা চলে যান,যান চলে যান। তার এমন বক্তব্যে তাৎক্ষনিক আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ জানান। এই নিয়ে সভায় হট্টগোল শুরু হয়। বেশ কিছুক্ষন সময় বন্ধ থাকে বর্ধিত সভা। পরে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বক্তব্য ও হট্টগোলের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদার বলেন,মাননীয় প্রধানমন্ত্রী যেখানে হাইব্রীড অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন,সেখানে হাইব্রীডদের পক্ষে অবস্থান নিয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু। তার বক্তব্যই প্রমান করে তিনিও হাইব্রীড।
এ ব্যাপারে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু বলেন,দলকে সু-সংগঠিত করতে দিন রাত কাজ করে যাচ্ছি। বিগত যে কোন সময়ের চেয়ে সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ বর্তমানে বেশ সু-সংগঠিত ও শক্তিশালী। আমার বক্তব্যকে বিকৃত করে একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুর রশিদ বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর সঞ্চালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,সহ-সভাপতি জয়নাল আবেদীন, নজরুল ইসলাম সাত্তার,আবু জাফর, যুগ্ন সাধারণ সম্পাদক জালাল উদ্দীন,সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন লাজু,আবদুল্লাহিল আল আমিন,আবদুল্লাহ আল মোকারেছ খোকন,কৃষি বিষয়ক সম্পাদক এ.কে এম হান্নান,উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তালুকদার জুমান,মেরুরচর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহিনা বেগম সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


