মতিন রহমান।। আগামী ৫-১৯ জুন ২০২১ ইং পক্ষকাল ব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন অনুষ্ঠিত হবে। উক্ত সময়ে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১ টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ বছর বকশীগঞ্জ উপজেলায় ৬-১১ মাস বয়সী ৩ হাজার জনের অধিক এবং ১২-৫৯ মাস বয়সী ২৫ হাজার জনের অধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।
মঙ্গলবার (১ জুন) দুপুরে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২১ অবহিতকরণ ও পরিকল্পনা সভা থেকে এ তথ্য জানা যায়। সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজিম শাহরিয়ার এর সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা, থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রশিদা বেগম প্রমূখ।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী বলেন, উপজেলার কোন শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে তার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে। অনেক সময় টিকা খাওয়ানোর পর শিশুদের বিভিন্ন সমস্যা হতে পারে এতে চিন্তার কোন কারন নেই। ভিটামিন এ ক্যাপসুলের কোন পাশ্বপ্রতিক্রিয়া নেই। তবে খালি পেটে না খেয়ে ভরা পেটে ভিটামিন এ খাওয়ালে কোন সমস্যা হবে না। তারপরও যদি কোন সমস্যা হয়ে যায় তাহলে চিকিৎসকদের পরামর্শ নিবেন।


