মাসুদ উল হাসান ॥
বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের খেওয়ারচর ভাটিপাড়া গ্রামের বাসিন্দা বিরল রোগে আক্রান্ত অসহায় খাদিজার পাশে দাড়িঁয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা। রোববার খাদিজার সাথে সাক্ষাৎ করে তার সার্বিক খোজঁ খবর নেন তিনি। নিজ হাতে খাদিজার গায়ে জড়িয়ে দেন কম্বল। ইউএনও বেশ কিছু সময় খাদিজার সাথে কথা বলেন ও খাদিজার মাথায় হাত বুলিয়ে শান্তনা দেন। ইউএনওর মমতাময়ী আচরণে আবেগে আপ্লুত হয়ে পড়েন অসহায় খাদিজা। খাদিজার চোখের পানি নিজ হাতে মুছে দেন ইউএনও মুনমুন জাহান লিজা। খাদিজার কান্না দেখে নিজেও কেদে ফেলেন। পরে প্রাথমিক ভাবে চিকিৎসা ও খাদ্য সামগ্রী কেনার জন্য ১২ হাজার টাকা অনুদানের একটি চেক খাদিজার হাতে তুলে দেন ইউএনও। খাদিজার চিকিৎসার বিষয়ে সার্বিক সহায়তার আশ্বাস দেন তিনি। এ সময় বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন উপস্থিত ছিলেন।
ইউএনও মুনমুন জাহান লিজা বলেন,সরকারি নীতিমালা মেনে সব ধরনের সহযোগিতা করা হবে। সেই সাথে সমাজের সমাজের বিত্তবানরা খাদিজার পাশে দাড়াঁলে তার সুচিকিৎসা আরও সহজ হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য,বিরল রোগে আক্রান্ত হয়ে ২০ বছর যাবৎ বিনা চিকিৎসায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বকশীগঞ্জ উপজেলার ভাটি খেওয়ারচর গ্রামের হতদরিদ্র খাদিজা বেগম। একটি প্রতিবন্ধি ভাতা ছাড়া তার ভাগ্যে কোন সুযোগ সুবিধা জুটেনি। অসুস্থ্য শরীর নিয়ে অনাহারে অর্ধাহারে জীবিকা নির্বাহ করছেন খাদিজা বেগম। অর্থ সংকটের কারনে রোগ নিরাময়ে কবিরাজের ঝাড়ঁ ফুকঁ ছাড়া কোন চিকিৎসাই পাননি খাদিজা।
বিরল রোগে আক্রান্ত খাদিজার পাশে দাড়ালেন ইউএনও


