জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে দশ হাজার টাকা মুচলেকায় জামিন দিয়েছেন আদালত। রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনিসুল করিমকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় এই জামিন দেন আদালত।
ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডলের আদালত রোববার (২২ নভেম্বর) দুপুরে এই আদেশ দেন। এর আগে আসামি মামুনের আইনজীবী জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক দশ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
গত ১৭ নভেম্বর ডা. আব্দুল্লাহ আল মামুনকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২০ নভেম্বর (শুক্রবার) ডা. আব্দুল্লাহ আল মামুনকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর আদাবর থানায় আনিসুল করিম শিপনের বাবা বীর মুক্তিযোদ্ধা মো. ফাইজুদ্দিন আহম্মেদ বাদী হয়ে ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে দুই আসামি পলাতক রয়েছে। তারা হলেন মো. সাখাওয়াত হোসেন ও সাজ্জাদ আমিন।


