সুমন ভৌমিকঃ গত ২২ ফেব্রুয়ারি ময়মনসিংহের ফুলপুর উপজেলার বড় বাখাই গ্রামের কলেজ ও মাদ্রাসা পড়ুয়া চার মেয়ে ইশাদ, হাফজা, সুমাইয়া ও সনজিতা নিখোঁজ হয়। গত ২৪ ফেব্রুয়ারি ফুলপুর থানায় নিখোঁজ সাধারণ ডায়েরি হয়। নিখোঁজের চারদিন পর গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ও ফুলপুর থানা পুলিশের যৌথ-টিম মেয়েগুলোকে উদ্ধার করে।
জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি সকালে চার মেয়ে নিজেদের শিক্ষা-প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং পরে তারা নিখোঁজ হয়। এরা দুইজন আপন বোন ও একজন তাদের চাচাত বোন এবং অন্যজন প্রতিবেশী বান্ধবী।
২৬ ফেব্রুয়ারি বুধবার রাত ১০টায় জেলা গোয়েন্দা পুলিশ ও ফুলপুর থানা পুলিশের একটি যৌথ-টিম উদ্ধার অভিযানে অংশ নেয়। অভিযান চালিয়ে শ্রীপুর থানাধীন বেতজুড়ি গ্রাম থেকে চার মেয়েকে উদ্ধার করা হয়।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দ (পিপিএম-বার) জানান, ময়মনসিংহের সুযোগ্য পুলিশ সুপার আহমার উজ্জামান (পিপিএম-সেবা) এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ ও ফুলপুর থানা পুলিশের যৌথ-টিম একটানা অভিযান পরিচালনা করে।
তিনি জানান, জেলা গোয়েন্দা পুলিশ তথ্য-প্রযুক্তির ব্যবহার করে নিখোঁজ মেয়েদের অবস্থান গাজীপুরের শ্রীপুরে নিশ্চিত হয়। পরে জেলা গোয়েন্দা পুলিশ ও ফুলপুর থানা পুলিশ বুধবার রাতে যৌথ পুলিশী অভিযান চালিয়ে মেয়েগুলোকে উদ্ধার করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযানে উদ্ধার হওয়া-ইশাদ, হাফজা, সুমাইয়া ও সনজিতা জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে।


