কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে উদ্বেগজনকভাবে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন। এ নিয়ে জেলার ১৩টি উপজেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১১১ জন। আক্রান্তরা বেশিরভাগই ঢাকা থেকে এসেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান, সোমবার দুপুরে পর্যন্ত কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২৩ জন, বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, করিমগঞ্জে ১ জন ও পাকুন্দিয়া ১ জন মোট ৪৬ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে অবস্থার অবনতি হওয়ায় রোববার তিনজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। তিনি আরও জানান এ বিষয়টি নিয়ে উদ্বিঘœ হওয়ার মত কিছু নেই, ডেঙ্গু রোগের উৎস কিশোরগঞ্জে নয়। আমরা দেখেছি যতগুলো রোগী রয়েছে তাদের ঢাকা ভ্রমণ ও অবস্থানের ইতিহাস রয়েছে। তারপরও আমরা সতর্ক। আমি অফিসের সকলকে নির্দেশনা দিয়েছি তারা যেন মাইকিং করে ডেঙ্গু নিয়ন্ত্রণের বার্তাগুলো জনগণের কাছে পৌঁছে দেয়।
এ দিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে অন্য রোগীদের সঙ্গে ডেঙ্গু আক্রান্ত রোগীদের রাখা হচ্ছিল। তবে সিভিল সার্জনের নির্দেশে সোমবার থেকে ডেঙ্গু রোগীদের মশারির ভেতর আলাদা রাখা হচ্ছে। যাতে নতুন করে ডেঙ্গু কিশোরগঞ্জে ছড়িয়ে না পড়ে।
কিশোরগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত ১১১ হাসপাতালে ভর্তি ৪৬ জন


