বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি :
মামলা ও বহিস্কার ইস্যু নিয়ে জামালপুরের বকশীগঞ্জে টানটান উত্তেজনার মধ্যদিয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ সমর্থিত নেতাকর্মীরা। শনিবার দুপুরে নিলাক্ষিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সদ্য বহিস্কৃত সভাপতি সাইফুল ইসলাম খোকার পক্ষে এমপি সমর্থিত নেতাকর্মীরা ও বিকালে নুর মোহাম্মদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগ বিক্ষোভ সমাবেশ করে। এই ঘটনায় শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জানা যায়,গত বুধবার সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে নিলাক্ষিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন নিয়ে নুর মোহাম্মদ ও সাইফুল ইসলাম খোকার মধ্যে বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে দলীয় কার্যালয় থেকে বের হয়ে যান খোকা। পরে রাত ৮টার দিকে নিলাক্ষিয়া চৌরাস্তা মোড়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুর মোহাম্মদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন সাইফুল ইসলাম খোকা। পরে বিক্ষোভ করে সাইফুল ইসলাম খোকার সমর্থকরা। এই ঘটনার পর রাতেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাইফুল ইসলাম খোকাকে সাময়িক বহিস্কার করে উপজেলা আওয়ামীলীগ। বৃহস্পতিবার রাতে খোকা মারধোরের অভিযোগ এনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুর মোহাম্মদ ও তার ছোট ভাই ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারকে আসামী করে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। শনিবার বিকালে নুর মোহাম্মদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ও প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ। আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সংগঠনের প্রায় ৫ সহস্্রাধিক নেতাকর্মী অংশ নেয়। বিক্ষোভ শেষে দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু জাফর,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাজন মিয়া ও কলেজ ছাত্রলীগের আহাবায়ক আরিফ প্রমূখ ।
বক্তারা বলেন,নুর মোহাম্মদের অপরাধ তিনি আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। এটা পরিস্কার স্থানীয় এমপি’র নির্দেশে বহিস্কৃত নেতা খোকা উপজেলা আওয়ামীলীগের জনপ্রিয় সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি ও এমপি’ কে প্রতিহিংসার পথ পরিহারের আহবান জানিয়ে তারা আরো বলেন,আমরা রাজপথের মানুষ, আমাদের মিথ্যা মামলা দিয়ে ধমিয়ে রাখা যাবে না।
অপরদিকে সদ্য বহিস্কৃত নিলাক্ষিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি সাইফুল ইসলাম খোকার সমর্থনে দুপুরে বিক্ষোভ সমাবেশ করেন আবুল কালাম আজাদ এমপি’র অনুসারীরা। এন এম হাইস্কুল মাঠ থেকে পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর ও সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান বিপ্লবের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে বাসস্ট্যান্ড মোড়ে সমাবেশ করেন তারা। সমাবেশে সাইফুল ইসলাম খোকার বহিস্কারাদেশ প্রত্যাহার ও আ’লীগ সভাপতির শাস্তি দাবি জানান তারা। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আগা সাইয়ুমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, জেলা পরিষদ সদস্য শীলা সারোয়ার ও মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক প্রমূখ।


