মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম খোকাকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বুধবার রাতে তাকে বহিষ্কার করে উপজেলা আওয়ামীলীগ। উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়ের যৌথ স্বাক্ষরে তাকে বহিষ্কার করা হয়। পরে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি সাংবাদিকদের জানান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়।
প্রেস ব্রিফিংয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় বলেন,দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তাকে সাময়িক ভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সাথে আগামী ৭ দিনের মধ্যে তাকে স্ব শরীরে উপস্থিত হয়ে কেনো তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা লিখিত ভাবে জবাব দিতে বলা হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুর মোহাম্মদ,যুগ্ন সাধারণ সম্পাদক জালাল উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সদস্য নজরুল ইসলাম, মনিরুজ্জামান মনির,শ্রমিক লীগের সদস্য সচিব মিষ্টার রানা,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমান,যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী,সাবেক ছাত্রলীগ নেতা সাইদুর রহমান লাল,তাতীলীগের আহবায়ক রাকিব বিল্লাহ রাকিব প্রমূখ উপস্থিত ছিলেন।


