জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতির জেরে ধরে দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আজ রোববার দুপুর ১২টার দিকে তিলকপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন—হবিবর রহমান (৪৫) ও তাঁর ছোট ভাই সোলাইমান হোসেন (৪২)। তাঁরা তিলকপুর থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিবর রহমানের ছেলে মো. ফখরুলের বন্ধু একই গ্রামের ইউনুস মিয়ার ছেলে ইমরান। সম্প্রতি ফখরুলের এক আত্মীয়কে ইমরান মারধর করেন। এতে ফখরুলের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়। ফখরুল আবার কিছু টাকা ইমরানের কাছে পেতেন।
আজ সকালে ফখরুল তিলকপুর বাজারে ইমরানের কাছে ওই পাওনা টাকা চান। এতে দুজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে হবিবুর রহমান ও তাঁর ছোট ভাই সোলাইমান হোসেন ঘটনাস্থলে যান। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় ইমরানের লোকজন ধারালো ফালা দিয়ে ওই দুই ভাইকে আঘাত করেন। এতে ঘটনাস্থলে তাঁদের দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দেওয়ানগঞ্জ উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো. সুমন মিয়া বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফখরুল ও ইমরানের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক ছিল।
কিন্তু পাওনা টাকা চাওয়া নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। পরবর্তী সময় এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।