নিজস্ব প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নিলক্ষিয়া দক্ষিণ ব্যপারী পাড়া এলাকায় এই ঘটনা ঘটনা ঘটে। গুরুতর আহত গরু ব্যবসায়ী বাবুল মিয়া (৫০) কে মুমুর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। বাবুল মিয়া ওই এলাকার মৃত আমজাদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,জমি ও মামলা সংক্রান্ত বিষয় নিয়ে নিলক্ষিয়া ইউনিয়নের দক্ষিণ ব্যপারীপাড়া গ্রামের গরু ব্যবসায়ী বাবুল মিয়ার সাথে দীর্ঘদিন যাবত একই এলাকার মৃত মকছেদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম ও ইউনুস আলীর বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার সকালে বাবুল মিয়া সাজিমারা গ্রামে গরু কিনতে যাওয়ার পথে ব্যাপারীপাড়া মোড়ে অতর্কিত ভাবে তার উপর হামলা চালায় জাহাঙ্গীর আলম,ইউনুস আলী ও তার স্বজনরা। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে মারাত্বক জখম করে। বাবুল মিয়ার ডাক চিৎকারের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এ সময় গরু কেনার জন্য বাবুল মিয়ার কাছে থাকা দেড়লাখ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ তার পরিবারের। পরে বাবুল মিয়াকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা হয়। তার অবস্থা আশংকা জনক হওয়ায় বকশীগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন,এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।


