Thursday, August 20, 2026

বকশীগঞ্জে কৃষকলীগ নেতার লালসার শিকার এতিম কিশোরীর সন্তান প্রসব

Must read

জামালপুরের বকশীগঞ্জে কৃষকলীগ নেতার লালসার শিকার হয়ে এতিম এক কিশোরী (১৭) মা হয়েছেন। মঙ্গলবার বিকালে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের বাথরুমে ওই কিশোরী ফুটফুটে একটি কন্যা সন্তান প্রসব করেন। খবরটি মুহুর্তেই হাসপাতালসহ আশপাশে ছড়িয়ে পড়ে। পরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের টিএইচও ডা.প্রতাপ নন্দী নবজাতক ও মায়ের সু-চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে নবজাতক ও কিশোরী মা সুস্থ্য আছেন বলে জানিয়েছেন ডা.প্রতাপ নন্দী। কিশোরীর বাড়ি উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে ডেরুরবিল গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়,মেয়েটি এতিম। তাকে ছোট রেখেই তার বাবা মারা যায়। অভাব অনটনের কারনে মেয়েটিকে তার মা সাধুরপাড়া ইউনিয়নের আর্চচাকান্দি গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন কৃষকলীগের সভাপতি দেলোয়ার হোসেনে ওরফে দেলুর বাড়িতে গৃহ পরিচারিকার জন্য কাজে দেয়। এর পরেই অসহায় কিশোরীর উপর লোলুপদৃষ্টি পড়ে কৃষকলীগ নেতা দেলোয়ারের। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে একাধিকবার ধর্ষন করে দেলোয়ার হোসেন দেলু। এক পর্যায়ে কিশোরী অন্তস্বত্তা হয়ে পড়ে। এর পর বাচ্চাটি নষ্ট করার জন্য কিশোরীকে চাপ প্রয়োগ করতে থাকে দেলোয়ার। কয়েক দফা হাসপাতালেও নিয়ে যাওয়া হয় কিরোশীকে। কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয় সে। লজ্জায় ও ভয়ে বিষয়টি কাউকে জানায়নি কিশোরী ও তার মা।

মঙ্গলবার বিকালে পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে আসে ওই কিশোরী। ডাক্তারের পরামর্শ নিয়ে ফেরার সময় হাসপাতালের বাথরুমে যায় সে। সেখানেই ফুটফটে এক কন্যা সন্তানের জন্ম দেয় সে। বিষয়টি মুহুর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে দেলোয়ার।

এ ব্যাপারে জানতে চেয়ে অভিযুক্ত দেলায়ারের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জানান,ঘটনাটি আমি শুনেছি। মেয়েটির অসহায়ত্বের সূযোগ নিয়েছে দেলোয়ার। আমি দেলোয়ারকে মেয়েটিকে বিয়ে করে সামাজিক ভাবে নবজাতক সন্তানের স্বীকৃতি দিতে বলেছি।

উপজেলা কৃষকলীগের সভাপতি আবদুল মান্নান জানান,বিষয়টি খতিয়ে দেখে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান,ঘটনাটি শুনেছি। তবে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article