মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে প্রাথমিক স্তরের শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা করবে তাদের সহপাঠীরা। এরা ‘খুদে ডাক্তার’। শনিবার বকশীগঞ্জে সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এই ক্যাম্প চলবে।
শনিবার বকশীগঞ্জে সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
উক্ত ক্যাম্পের উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনমুন জাহান লিজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাশেদা বেগম,সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাবেরী সেন প্রমূখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী বলেন, কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতন করার পাশাপাশি মানুষের প্রতি সহমর্মিতা, মমত্ববোধ জাগরিত করে একজন প্রকৃত সমাজ সচেতন, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এই ক্ষুদে ডাক্তার টিম থেকেই অনেকে ভবিষ্যতে প্রকৃত ডাক্তার হয়ে দেশ ও জনগণের সেবায় এগিয়ে আসবে বলে মনে করেন তিনি। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সহমর্মিতা কামনা করেন তিনি।


