মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে বাল্যবিবাহ আয়োজনের দায়ে কিশোরী কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার রাতে উপজেলার বগারচর ইউনিয়নের ধারারচর গ্রামের বগারচর বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ১৪ বছরের কিশোরীর বাল্যবিবাহ বন্ধ ও মেয়ের বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা । এসময় কামালেরবাত্তি তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা বলেন,খবর পেয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। কনের বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং মেয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার পূর্বে বিয়ে দেবেন না এই মর্মে মুচলেকা আদায় করা হয়।


