মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জের পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরের তৎপরতায় প্রায় ১০ মন ওজনের চুরি যাওয়া সিন্ধুক থেকে নগদ ৫ লক্ষ ৭২ হাজার টাকা উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার সকালে পৌর শহরের চরকাউরিয়া দড়িপাড়া গ্রামের সুরুজ্জামানের ঘর থেকে সিন্ধুকটি উদ্ধার হয়। এই ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে।
জানা যায়, গত ১৩ ডিসেম্বর রোববার রাতে চরকাউরিয়া দড়িপাড়া এলাকার জবেদ আলীর ঘর থেকে প্রায় ২শ বছরের প্রাচীন একটি লোহার সিন্ধুক চুরি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর দড়িপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে লিটন, ফকিরের ছেলে সুজন, হেবুল মিয়ার ছেলে ফকির আলী, ধনু মিয়ার ছেলে সহি উদ্দিন,মমতাজের ছেলে রুবেল, আবুল হাসানের ছেলে রহমান আলী, শুক্কুর আলীর ছেলে বিল্লাল ও হাইবরের ছেলে রুবেল মিয়াকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার সকালে দড়িপাড়া গ্রামে অভিযান চালিয়ে সুরুজ্জামানের ঘর থেকে চোরাই সিন্ধুকটি উদ্ধার করে পুলিশ।

দুপুরে থানা চত্বরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মুনমুন জাহান লিজা, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর ও সাংবাদিকদের উপস্থিতিতে সিন্ধুকটি খোলা হয়। সিন্ধুকের ভিতরে ছিলো ৫ লাখ ৭২ হাজার টাকা, প্রাচীন কিছু ধাতব মুদ্রা ও জমির দলিলপত্র। চুরি হলেও ভাংতে না পারায় সিন্ধুকের ভিতরে থাকা কোনো জিনিসপত্র খোয়া যায়নি।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টাকাগুলো জব্দ করা হয়েছে। অন্যান্য মালামাল সিন্ধুকের মালিককে ফেরত দেওয়া হয়েছে। টাকার বিষয়ে আদালতের সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।



