মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জে নৌকাযোগে বানভাসি মানুষের ঘরে ঘরে গিয়ে ভিজিএফ চাউল ও শুকনো খাবার পৌছে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার ও মেরুরচর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ ।
শুক্রবার (২৪ জুলাই) উপজেলার ৭ নং মেরুরচর ইউনিয়নের মাসেনিরচর,রসূলপুর বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরে ঘরে গিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় পবিত্র ইদুল আজহা উপলক্ষে ৪০০ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাউল ও ২৫০ পরিবারের মাঝে শুকনো খাবারের প্যাকেট পৌঁছে দিয়েছেন। শুকনো খাবারের মধ্যে ছিলো চিড়া,মুড়ি,বিস্কুট,মোমবাতি ও দিয়াশালাই।
মেরুরচর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ বলেন, বন্যার কারনে যারা ভিজিএফ এর চাউল নিতে আসতে পারেনি আমরা নৌকাযোগে তাদের বাড়ি বাড়ি গিয়ে চাউল পৌঁছে দেওয়ার ব্যাবস্থা করেছি। এই পরিস্থিতি মানুষ কতটা কষ্টে আছে তাদের পাশে না গেলা বুঝা যাবেনা। প্রাণঘাতী করোনাভাইরাস ও দীর্ঘস্থায়ী বন্যায় কষ্টের শেষ নেই মানুষের। এই করুন পরিস্থিতিতে সবার উচিত বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়ানো।
এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার বলেন, মানুষ মানুষের জন্য। মানুষে বিপদের সময় যদি তাদের পাশে দাড়াতে না পারি, তাহলে কাজ করে লাভ কি। সবারই উচিত এই বিপদের সময় মানুষের পাশে থাকা।


