মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জে মাস্ক ও নিরাপদ দূরত্ব না মানায় ২৬ জনকে ১৭,৩০০ টাকা জরিমানা করা হয়েছে। মাস্ক ব্যবহার না করা ও নিরাপদ দূরত্ব না মানায় ১০০ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (২২ জুলাই) বকশীগঞ্জ পৌর শহরে উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকারের আদালতে এই জরিমানা আদায় করা হয়। একইসাথে সচেতনতা মূলক ভাবে মাস্ক পরা ও নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য প্রচারণা চালানো হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার বলেন,মাস্ক ছাড়া বাজারে পাওয়া গেলেই জরিমানা ও জেল হতে পারে। অটোরিকশার ড্রাইভারা মাস্ক ও নিরাপদ দূরত্ব না মেনে যাত্রী উঠালে শাস্তি হবে, দোকান ও ব্যাবসা প্রতিষ্ঠানে কোনো বসার টুল,চেয়ার থাকবে না, আড্ডা দেয়া যাবেনা, ছোট বাচ্চাদের মুখেও মাস্ক থাকা বাধ্যতামূলক, মোটরসাইকেল এ দুই বা ততোধিক যাত্রী উঠালে শাস্তি হবে, সন্ধ্যা ৭ টার ভেতর সরকারি আইন মোতাবেক নির্দিষ্ট দোকান ব্যাতীত সবকিছু বন্ধ করতে হবে। স্বাস্থ্যবিধি না মানলে গরু ছাগল কেনাবেচা করা যাবে না।
তিনি আরও বলেন করোনা-সংক্রমণ রুখতে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে সব জায়গায় মাস্ক পরা বাধ্যধামূলক করেছে সরকার। সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিহীন ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা কার্যক্রম আগামী দিনেও অব্যহত থাকবে।


