মুম্বইয়ে নিজের বাড়িতেই আত্মহত্যা করলেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত! পুলিশ জানিয়েছে, তাঁর বয়স মাত্র ৩৪। নিজের ঘরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন এই প্রতিভাবান অভিনেতা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে অভিনেতার বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। এরপর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি।
কয়েকদিন আগে সুশান্ত ও বরুণ শর্মার প্রাক্তন ম্যানেজার দিশা সলিয়নের অস্বাভাবিক মৃত্যু হয়। সোমবার রাতে মুম্বইয়ের মলাডের একটি বহুতলের নীচ থেকে দিশাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে বরিভালির হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সেই ঘটনার পর থেকে আরও ভেঙে পড়েন তিনি। দিশার মৃত্যুতে শোকস্তব্ধ সুশান্ত লিখেছিলেন, ‘এই খবর বিশ্বাস করা যায় না। দিশার আত্মার শান্তি কামনা করছি।’ এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আত্মহত্যা করলেন সুশান্ত। এই ঘটনার শোকে বিহ্বল গোটা বলিউড। সুশান্তের অগণিত ভক্তদের মধ্যেও শোকের ছায়া।
১৯৮৬ সালের পটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত সিংহ রাজপুত। পরবর্তীকালে তাঁর পরিবার দিল্লিতে চলে আসে। দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তি হন তিনি। সেইসময় থেকেই থিয়েটারের প্রতি আগ্রহ তৈরি হয়। থিয়েটারে অভিনয়ও শুরপ করেন। সে কারণেই পড়াশোনা শেষ করতে পারেননি। অভিনয়ের তাগিদে এরপর পাড়ি দেন মুম্বইয়ে।
২০০৮ সালে একতা কপূরের প্রযোজনায় ‘কিস দেশ মে হ্যাঁ মেরা দিল’ সিরিয়ালে প্রথম বড়পর্দায় দেখা যায় তাঁকে। পরের বছরই ‘পবিত্র রিস্তা’ সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি। এই সিরিয়ালে অভিনয় করতে করতে বেশ কিছু রিয়্যালিটি শোয়ে অংশ নেন তিনি।
অভিষেক কপূরের ‘কাই পো ছে’ তাঁর প্রথম ছবি। ‘কাই পো ছে’-তে সুশান্তের অভিনয়ের প্রশংসা কুড়োয়। এরপর ‘শুদ্ধ দেশি রোম্যান্স’, ‘পিকে’, ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী’-র মতো ছবিতে নিজের অভিনয় দক্ষতা ছাপ রাখেন তিনি। মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-তে তাঁর অভিনয় সাড়া ফেলে দেয়।


