জামালপুরের বকশীগঞ্জে করোনা আতঙ্ককে পুজিঁ করে হঠাৎ করেই বাজারের চাল, ডাল, আটা, ময়দা, পেয়াজ, রসুন আদা, তেল, মসলা কাচাঁ বাজার সহ নিত্য প্রয়োজনীয় পণ্য মজুত করতে শুরু করেছেন ব্যবসায়ীরা। এর প্রভাব পড়েছে বকশীগঞ্জের নিত্যপণ্যের বাজারে।
শুক্রবার বকশীগঞ্জ বাজারের নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের বাজার দর মনিটরিং ও প্রশাসনের কঠোর হুশিয়ারির পরেও হঠাৎ করেই বাড়তি দামে পণ্য বিক্রি শুরু করেছেন বিক্রেতারা। খবর পেয়ে শনিবার দুপুরে অভিযানে নামে স্থানীয় প্রশাসন। পৌরশহরের মধ্যবাজারে পেঁয়াজ ও চালের বাজারসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান চালানো হয়। অভিযানে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর অপরাধে ৬ জন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার।
এছাড়াও বিভিন্ন আড়ত ও খুচরা বাজারে গিয়ে করোনা আতঙ্ককে পুঁজি করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ানোর বিষয়ে সতর্ক করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও আ.স.ম জামশেদ খোন্দকার বলেন, বাজারে পর্যাপ্ত পরিমাণে দ্রব্যমূল্যের সরবারাহ রয়েছে। কোনো কিছুর অভাব নেই। তবুও করোনোভাইরাসের কারণে মানুষের শঙ্কাকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে পণ্য বিক্রি করছিলেন। তাই তাদের জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


