12 C
Munich
Sunday, May 17, 2026

বঙ্গবন্ধু হত্যাকান্ডের সাথে জড়িতদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবী জানিয়েছে ১৪ দল

Must read

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডের সাথে জড়িত সকলের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবী জানিয়েছেন কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘জাতির পিতা বঙ্গবন্ধু হত্যা মামলার দন্ডিত পালাতক খুনিদের দেশে ফেরত আনার পদক্ষেপ’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এই দাবী জানান। কেন্দ্রীয় ১৪ দল এই মতবিনিময় সভার আয়োজন করে।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সভাপতির বক্তব্যে বলেন, দ্রুততম সময়ের মধ্যে বঙ্গবন্ধু হত্যাকান্ডে চিহ্নিত ও দন্ডিত খুনিদের রায় বাস্তবায়ন ও হত্যাকান্ডের সাথে জড়িত সকলের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে।
তিনি বলেন, জনগণের সামনে এই সকল চিহ্নিত খুনি ও এই ঘটনার ইন্ধনদাতাদের মুখোশ উন্মোচিত করতে হবে।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমরা পলাতক খুনিদের খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা করছি। আর যে দুজনের অবস্থান জানা আছে তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি। নূর চৌধুরীকে কানাডা সরকার কোন রাজনৈতিক আশ্রয় দেয়নি। তবে সে দেশের সুপ্রিম কোর্টের রায়ের কারণে মৃত্যুদন্ডপ্রাপ্ত কাউকে তারা ফেরত দেয় না। তবে আমরা আশাবাদী কুটনৈতিক ও আইনগত মাধ্যমে আমরা তাকে দেশে ফিরিয়ে আনতে পারবো। আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি বলেন, রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে যুক্তরাষ্ট্র আগের চেয়ে পজিটিভ কন্ডিশনে আছে। আমরা তাকে ফিরিয়ে আনা নিয়ে আশাবাদী।
আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে কারা ছিলো তা উদঘাটনে কমিশন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই কমিশনে কারা থাকবে এবং এর কার্যপরিধি কি হবে তা নিয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেবেন। তবে কমিশনের আওতায় বঙ্গবন্ধু হত্যাকান্ডের সাথে জাতীয় চার নেতা হত্যাকান্ডের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।
পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মোমেন বলেন, এখনো পর্যন্ত হত্যাকারীদের তিনজনের সঠিক অবস্থান জানি না। তবে আমরা দুই জনের অবস্থান জানি তারা কোথায় আছেন। আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আয়োজনের আগেই তাদের দন্ড কার্যকরের সর্বোচ্চ চেষ্টা করবো।
আলোচনা সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও এডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায়, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সিনিয়র সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article