মাত্র আট বছর বয়সেই মাকে হারিয়েছিলেন। বাবাকেও যেতে দেখেছেন নানা ওঠা-পড়ার মধ্য দিয়ে। তা সত্ত্বেও সব কিছু সামলে ভালবাসার মানুষটির সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন সঞ্জয় দত্তের বড় মেয়ে ত্রিশলা। কিন্তু প্রায় এক মাস আগে, গত ২ জুলাই দীর্ঘ দিনের প্রেমিকের আচমকা মৃত্যু তছনছ করে দিয়েছিল তাঁর জীবন। তাঁর উদ্দেশে ইনস্টাগ্রামে করা ত্রিশলার সাম্প্রতিক পোস্টটি আপনার চোখেও জল আনতে বাধ্য।
বছর একত্রিশের ত্রিশলা শুক্রবার ইতালিয়ান প্রেমিকের সঙ্গে তাঁর একটি পুরনো ছবি শেয়ার করে লিখেছেন, ‘তোমায় ভালবাসি, মিসও করি খুব’। শুধু কালই বা কেন? প্রতিটি মুহূর্ত যে কাছের মানুষটিকে কতটা মিস করেন সঞ্জয়-কন্যা, তা নিয়ে এক সপ্তাহ আগেও ইনস্টাগ্রামে খোলাখুলি লিখেছিলেন তিনি। এই শোক থেকে বেরনোর জন্য তিনি যে যথাসাধ্য চেষ্টা করছেন তা-ও জানান ত্রিশলা। কিন্তু মন যে বড় দায়!


