ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় হাজিরা দিতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীকে। আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) রাজশাহীর মহানগর দায়রা জজ এএইচএম ইলিয়াস হোসাইনের আদালতে তার মামলার হাজিরা দেয়ার কথা রয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলার আসামি দেলাওয়ার হোসেন সাঈদী। ২০১০ সালের ৯ ফেব্রুয়ারি ইসলামী ছাত্রশিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে মারা যান ফারুক। এতে আসামি হন জামায়াতের শীর্ষ নেতারাও। এ মামলাতেই রাজশাহীর আদালতে দেলওয়ার হোসেন সাঈদীর হাজিরা রয়েছে।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন এ বিষয়ে তেমন কিছু জানাতে চাননি। তবে তিনি জানিয়েছেন, গত সপ্তাহে সাঈদীকে রাজশাহীতে আনা হয়েছে। কোন থানার কী মামলা সেটাও জানাতে চাননি কারাগারের এ কর্মকর্তা।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, আজ সকালে রাজশাহী মহানগর কোটে হাজিরা দিতে তাকে আনা হবে। মতিহার থানার ২০১০ সালের ৯ ফেব্রুয়ারির ৫নং মামলার হাজিরা দিতেই তাকে আনা হচ্ছে। এজন্য আদালত চত্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
রাজশাহী কোর্ট ইনস্পেক্টর আবদুর সবুজ বলেন, আজ সকালে মহানগর জজ আদালতে হাজির করা হবে। এর বেশি কিছু জানেন না বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এর আগে কঠোর গোপনীয়তার সঙ্গে গত সপ্তাহেই রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আনা হয় সাঈদীকে। তবে বৃহস্পতিবারের হাজিরা উপলক্ষে আগের দিন বুধবার থেকেই আদালতে নিরাপত্তা জোরদার করা হলে বিষয়টি প্রকাশ পায়।


