15.1 C
Munich
Sunday, May 17, 2026

সংসদে প্রাণি কল্যাণ বিল- ২০১৯ পাস

Must read

প্রাণির প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ, সদয় আচরণ ও দায়িত্বশীল প্রতিপালনের মাধ্যমে প্রাণি কল্যাণ নিশ্চিতে প্রয়োজনীয় বিধান করে আজ সংসদে প্রাণি কল্যাণ বিল- ২০১৯ সংশোধিত আকারে পাস করা হয়েছে।
মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বিলটি পাসের প্রস্তাব করেন।
বিলে প্রত্যেক প্রাণির মালিক বা তত্ত্বাবধানকারীর দায়িত্ব যৌক্তিক কারণ ছাড়া ওই প্রাণির প্রতি কল্যাণকর ও মানবিক আচরণ করা এবং নিষ্ঠুর আচরণ করা থেকে বিরত থাকতে সুনির্দিষ্ট বিধান করা হয়েছে। বিলে প্রাণিকে অতিরিক্ত পরিশ্রম করানো বা অপ্রয়োজনীয়ভাবে প্রহার, প্রয়োজনীয় খাদ্য না দেয়া, বসবাসের যথাযথ ব্যবস্থা না করা, উত্যক্ত করা, ক্ষতিকর ওষুধ প্রয়োগ, আহত প্রাণির চিকিৎসা না করা, অনুমোদন ছাড়া বিনোদন বা ক্রীড়ায় ব্যবহারকে প্রাণির প্রতি নিষ্ঠুর আচরণ হিসাবে নির্দিষ্ট করে দেয়া হয়েছে। অবশ্য প্রয়োজনে উল্লেখিত কোনো কোনো কর্মকান্ডকে নিষ্ঠুরতা থেকে অব্যাহতি দেয়ার বিধানও করা হয়েছে।
বিলে পোষা প্রাণির বাণিজ্যিক উৎপাদন ও ব্যবস্থাপনাকে নিবন্ধনের আওতায় আনার বিধান করা হয়েছে।
বিলে নিষ্ঠুরতা বা অন্য কোনো কারণে আহত প্রাণির চিকিৎসা এবং তত্ত্বাবধানের ব্যবস্থারও বিধান করা হয়েছে।
বিলে উল্লেখিত বিধান লংঘনকে অপরাধ হিসেবে গণ্য করে বিচার ও সুনির্দিষ্ট শাস্তির বিধান করা হয়েছে।
বিলে বিদ্যমান প্রাণির প্রতি নিষ্ঠুরতা আইন রহিত করা হয়।
জাতীয় পার্টির ফখরুল ইমাম, কাজী ফিরোজ রশীদ, পীর ফজলুর রহমান, বেগম রওশন আরা মান্নান, বিএনপির মোশাররফ হোসেন, রুমিন ফারহানা ও গণফোরামের মোকাব্বির খান বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে কয়েকটি সংশোধনী গ্রহণ করা হয়েছে। বাকী প্রস্তাবগুলো কন্ঠভোটে নাকচ হয়ে যায়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article