আব্দুর রহমান, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলা শহরের সাতপাই নদীর পাড় এলাকা নিবাসী বীর মুক্তিযোদ্ধা, লেখক ও লোক সাহিত্য গবেষক গোলাম এরশাদুর রহমান গতকাল শনিবার দিবাগত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহে………রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, ২ ছেলেসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গোলাম এরশাদুর রহমান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বিএলএফ (মুজিব বাহিনী)-এর কমান্ডার ছিলেন।
১৯৭২ সালে তৎকালীন নেত্রকোনা মহকুমা ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরবর্তী পর্যায়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের রাজনীতির সাথে জড়িত হন এবং মৃত্যুর আগ মূহুর্ত পর্যন্ত জেলা সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার কারাবরণ করেছেন।
তিনি রাজনীতির পাশাপাশি লোক সাহিত্য গবেষনায় জীবনের অনেকটা সময় কাটিয়েছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হচ্ছে, মুক্তি সংগ্রামে নেত্রকোনা, নেত্রকোনার বাউলগীতি, নেত্রকোনার লোকগীতি পরিচয় ও নেত্রকোনার লোকায়িত গল্প। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া নেমে আসে। তাকে এক নজর দেখার জন্য তার বাসভবনে শোকাহত লোকজনের ভীড় পরিলক্ষিত হয়।
বাদ জোহর নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদে জানাযা শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গার্ড অব অনার দেয়ার পর তার গ্রামের বাড়ী মোহনগঞ্জ উপজেলার নওহাল দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


