সুমন ভৌমিকঃ ময়মনসিংহের নবাগত জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় নবাগত জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম গালিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বেলায়েত হোসেন, ময়মনসিংহ থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকার সম্পাদক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ মতবিনিময় সভায় অংশ নেন।
সভার শুরুতে নবাগত জেলা প্রশাসক তার ব্যক্তিগত জীবনী ও কর্মময় জীবনী’র বিস্তারিত বর্ণনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
পরে তিনি সাংবাদিকদের কাছ থেকে ময়মনসিংহের বিভিন্ন সমস্যা ও করণীয় সম্পর্কে তথ্য জানার চেষ্ঠা করে বলেন, সাংবাদিকদের সহযোগীতা পেলে দৃশ্যমান কিছু করা সম্ভব।
এ সময় উপস্থিত সাংবাদিকগণ শহরের অভ্যন্তর থেকে যৌন পল্লী উচ্ছেদ, যানজট নিরসন, ব্রক্ষ্মপুত্র নদের দুইপাড়ে জবর দখল উচ্ছেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জনদুর্ভোগ লাগবে লোকবল নিয়োগের উদ্যোগ গ্রহণ, ক্লিনিক ডায়াগনোষ্টিক সেন্টারে বৈধতা যাচাইয়ের উদ্যোগ, খাদ্যে ভেজাল বিরোধী অভিযান, সিটি করপোরেশনের সহায়তায় গ্রীন সিটি গড়া, পরিচ্ছন্ন নগরী গড়তে দায়িত্বশীল ভুমিকা পালনের আহবান জানান।
সাংবাদিকদের বিস্তারিত বক্তব্য জেলা প্রশাসক মনোযোগ সহকারে শুনেন এবং তিনি বলেন, আমরা যারা কাজ করতে চাই তাদের জন্য একটা পরিবেশ চাই। মূলত কাজের আগে প্লান করতে হবে। ঠিকমত সঠিক লাইনে এগোতে হবে ও খেয়াল রাখেতে হবে।
প্রধানমন্ত্রীর দপ্তরের এক সময়ের এই কর্মকর্তা (মোঃ মিজানুর রহমান) বলেন, ময়মনসিংহকে সুন্দর নগরী গড়ে তোলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেগের বিষয়। যেহেতু প্রধানমন্ত্রীর দপ্তরে কাজ করেছি। সেহেতু আমি কিছু চাইলে পাব বলে আমার বিশ্বাস। তবে সুন্দরভাবে এ শহরকে গড়ে তুলতে সবার সহযোগীতা প্রয়োজন। কাজ করতে গেলে ভুল হতেই পারে। এর পরও যারা আমাকে সম্মান করবেন আমি অমানুষ না হলে তাদেরকে অব্যশ্যই আমি সম্মান করব।


