মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ডুমুরতলা আশ্রয়ন প্রকল্পের ঘর থেকে ছামিরন বেওয়া (৫৫) নামের এক বিধবা নারীর খুন করা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ভোর ৪টার দিকে বকশীগঞ্জের কামালপুর ইউনিয়নের লাউচাপড়া ডুমুরতলা আশ্রয়ন প্রকল্পের একটি ঘর থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করে বকশীগঞ্জ থানা পুলিশ। নিহত ছামিরন বেওয়া মৃত নেহাল মিয়ার স্ত্রী। তাদের কোনো সন্তান নেই। ভূমিহীন হওয়ায় প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর বরাদ্দ পেয়েছিলেন তিনি।
বকশীগঞ্জে থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, ধারণা করা হচ্ছে,গভীর রাতে এক বা একাধিক দুর্বৃত্ত ঘরে ঢুকে ভেতর থেকে দরজা লাগিয়ে দেন। পরে ধারালো অস্ত্র দিয়ে দেহের বিভিন্ন জায়গায় আঘাত করলে ঘটনাস্থলেই ছামিরন মারা যান। পরে পেছনের জানালা কেটে পালিয়ে যান তারা। ভোরে খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।


