রাইসুল ইসলাম ফুল ।। কুড়িগ্রাম জেলার রাজিবপুর মাঠপাড়া গ্রামে একটি বাড়ি ধসে পানিতে ডুবে গেছে। ওই বাড়ির একটি রান্নাঘর, একটি গরুর গোয়ালঘর, একটি টিউবওয়েল, একটি টয়লেট, বাড়ির অর্ধেক ভিটাসহ দুটি টিনসেট ঘরের অর্ধেক অংশ ধসে পানিতে নিমজ্জিত হয়েছে। এতে ওই বাড়ির মালিকের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়।বাড়ির মালিক বিধবা মনোয়ারা বেগম জানান, শনিবার (৪ জুন) ভোর রাতে হঠাৎ করে বাড়িটি ধসে পানিতে ডুবে যায়। আর কোন জমিজমা না থাকায় ভিটেমাটি হারিয়ে ওই বিধবা চার সন্তান নিয়ে চরম ভোগান্তিতে দিন পার করছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাড়ির পাশে নুরুল আমিন ও সোলায়মান নামেন দুই ব্যক্তি ড্রেজার মেশিন দিয়ে কয়েক বছর ধরে বালু উত্তোলনের ব্যবসা করে আসছিল। এর কারণেই বাড়িটি ধসে গেছে বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসী।তবে ড্রেজার মেশিনে ব্যবসায়ীরা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, বাড়ি থেকে ৫০০ গজ দুরে মাটি উত্তোলন করা হয়েছে প্রায় এক বছর আগে। এতে বাড়ির ধস নামেনি। বাড়ির ভিটা বালু মাটির। যে কারণে বন্যার পানি বাড়ার কারণে ধসে গেছে।এ বিষয়ে রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীরুল ইসলাম জানান, স্পটে গিয়ে আমি ওই বাড়িটি পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সহযোগিতা করা হবে। এবং ড্রেজার মেশিন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


